সাকিবের বদলে ইলিয়াস সানি

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০৯
বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুখে স্বীকার করতে চাইছে না যে, সাকিব আল হাসানের সিরিজ আসলে শেষ হয়ে গেছে। তবে গতকাল গভীর রাতে পাঠানো তাদের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, সাকিবের আর নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে খেলার তেমন সম্ভাবনা নেই। কারণ, সাকিবের বদলে তারা স্কোয়াডে ডেকে পাঠিয়েছেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে। টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেকে ৫ উইকেট করে নেয়া সানি মূলত এক ঝাঁক বাঁহাতি স্পিনারের দারুণ ফর্মে থাকা এবং কম্বিনেশনের কারণে দলে জায়গা খুঁজে পাচ্ছেন না। অবশেষে দলে আবার ডাক পেলেন। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশ তার উইনিং কম্বিনেশন ভেঙ্গে সানি একাদশে আদৌ জায়গা করে দিতে পারবেন কি-না। সানি যার বদলে দলে এসেছেন সেই সাকিব এখন ডেঙুতে ভুগছেন। গত সোমবার গভীর রাতে অনেক জ্বর বেড়ে যাওয়ায় দ্রুত হোটেল থেকে রাজধানীর অভিজাত এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাকিবকে। হাসপাতালে পরিস্থিতির উন্নতি না হওয়ায় আজ ম্যাচে খেলতে পারেননি তিনি। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, সাকিবের ডেঙু ধরা পড়েছে। যদিও সাকিবকে এই ডেঙুর ফলে কতোদিন মাঠের বাইরে থাকতে হবে, সে সম্পর্কে বিসিবির কেউ মুখ খুলতে রাজি নন। তবে ডেঙু বলেই সংশ্লিষ্টরা অনুমান করছেন, তার পক্ষে দ্রুত মাঠে ফিরে সিরিজের বাকি দু’ম্যাচ আর খেলা সম্ভব হবে না। সাকিব আল হাসানের বদলি হিসেবে গতকালই দলের সাথে যোগ দিয়েছেন আরেক স্পিনার ইলিয়াস সানি। সানি আগে থেকেই অনুশীলনের মধ্যে থাকায় তার মানিয়ে নিতে সমস্যা হবে না। এদিকে গতকালও বিসিবি জানাতে রাজি হয়নি, সাকিবকে ঠিক কতোদিন মাঠের বাইরে থাকতে হবে। সাকিব ছাড়া অন্য কারও শারীরিক অবস্থা নিয়ে কোন সমস্যা নেই বলেই জানালেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী, ‘দলের সবাই মোটামুটি সুস্থ আছে। আশা করি নতুন করে কোন সমস্যা দেখা দেবে না।’