ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল বলেছেন, আইসিসি টেস্ট র্যাংকিংয়ের উন্নতির জন্য ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজটি তার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য শচিনের আনন্দে বাগড়া দেয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে রাখেন এই ক্যারিবীয় সুপারস্টার।
টেস্ট র্যাংকিংয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ দু’টি টেস্ট এবং তিন ওয়ানডে খেলার জন্য গত সোমবার ভারতে এসে পৌঁছায়। ভারত সফর শেষে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দু’টি টি-২০ খেলতে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে ক্যারিবীয় দলটি।
গেইল এ প্রসঙ্গে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের জন্য সুখবর হলো, আইসিসি র্যাংকিংয়ে পাঁচ নম্বরে ওঠার সুযোগ আছে। এটাই আমাদের লক্ষ্য। ব্যক্তিগতভাবে আমি কখনো ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করতে পারিনি, সুতরাং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি অপবাদ ঘুচাতে চাই। কিন্তু শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং অন্য আরো মেধাবী খেলোয়াড়দেরকে আপনি হিসাবের বাইরে রাখতে পারবেন না। কোলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ভেন্যুগুলোর সঙ্গে আমাদের কিছু খেলোয়াড় পরিচিত এবং ওইসব ভেন্যুর কন্ডিশন ও পিচগুলো সাধারণত একই ধরনের।’
আইপিএল ছাড়াও ইতিপূর্বে খেলার কারণে ভারতীয় কন্ডিশনের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটাররা পরিচিত। গেইল বলেন, কিয়েরন পাওয়েল এবং ক্রিক এডওয়ার্ডসের মত খেলোয়াড়রা ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজ এ দলের হয়ে ভারতে খেলেছে। তাদের এ অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ হবে।
শচিন টেন্ডুলকারের বিদায়ী সিরিজ নিয়ে দারুণভাবে শিহরিত গেইল বলেন, ওয়েস্ট ইন্ডিজ দল তার সব ‘আনন্দ এবং আয়োজনকে মাটি করে দিতে পারে।’ মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ২০০তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন বলে এ মাসের শুরুতেই ঘোষণা দেন টেন্ডুলকার।
এ ব্যাপারে কৌতুক করে গেইল বলেন-‘শচিন কিংবদন্তী এবং আমরা তার খুব ভাল একটা বিদায় কামনা করছি। আমরা চাই তিনি আনন্দের সাথে বিদায় নিন, তবে বিজয়ী হিসাবে নন। মুম্বাইর ওই টেস্টটি হবে চমত্কার। সব সময়ের মত এ ম্যাচেও প্রচুর দর্শক উপস্থিত থাকবে। ভারতীয় সমর্থকরা সবসময়ই ক্রিকেট এবং শচিনকে সমর্থন করতে মাঠে উপস্থিত থাকে। তবে এবারের ম্যাচটি সবকিছুকে ছাপিয়ে যাবে।’
এ বছরের মার্চে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট খেলা গেইল আইপিএল খেলেছেন এবং অধিনায়ক হিসাবে প্রথমবারের মত আয়োজিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তাল্লাওয়াহসকে শিরোপা এনে দেন। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। ভারত এবং শ্রীলংকার বিরুদ্ধে একটি করে ওয়ানডে সিরিজের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে একটি সীমিত ওভারের সিরিজেও অংশ নেন তিনি। এরপর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে কিছুদিন বিশ্রাম নেন তিনি। তবে নতুন মৌসুম এবং ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় একটি ‘টার্নিং পয়েন্টের’ অপেক্ষায় থাকা গেইল বলেন, ‘সত্যিই আমি টেস্ট ক্রিকেটের অপেক্ষায় আছি। কারণ অনেকদিন যাবত্ আমি টেস্ট খেলিনি। ভারত সফরটা সবসময়ই কঠিন। সেটা যে ঘরানারই হোক না কেন এবং শীর্ষস্থানীয় অপর পাঁচটি দলের বিরুদ্ধে আমাদের নিজেদের পরখ করার জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত যে, নিজ মাঠে ভারতকে হারানোটা কঠিন হবে।’
তিনি আরো বলেন, ‘প্রথম টেস্টটা আমরা খুবই ভালভাবে শুরু করতে চাই এবং ভারতে জয় পেতে কি দরকার আমরা তা জানি। সংক্ষিপ্ত থেকে দীর্ঘ ঘরানার ক্রিকেটে ফেরায় এ সিরিজ হবে আমার ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট। ভারত টেস্ট র্যাংকিংয়ে নিজেদের অবস্থান অক্ষুণ্ন রাখতে চায়। সুতরাং সিরিজে হাড্ডা-হাড্ডি লড়াই হবে।’-বাসস
