সামপ্রতিক হরতালে হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে নতুন তিন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। দাবি আদায়ে আগামীকাল শনিবার বিকালে শাহবাগে বিক্ষোভ সমাবেশ এবং ৯ নভেম্বর ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকালে শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির বাসভবনে হামলা, ট্রাইব্যুনালের প্রসিকিউটরবৃন্দ এবং মামলার সাক্ষীর বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধা হত্যা, প্রগতিশীল গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং অবিলম্বে মঞ্চের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাইনুদ্দিনের মামলায় ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন (রবিবার) সকাল দশটা থেকে প্রজন্ম চত্বরে অবস্থান নেব। ৯ নভেম্বর শনিবার বিকাল ৩টায় শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হবে ছাত্র-শিক্ষক সমাবেশ।
