সাকিবকে টপকে সেরা তামিম

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:০৩
তাদের একজনের নাম বললেই আরেক জনের নাম চলে আসে। পারফরম্যান্স, বন্ধুত্ব, জাতীয় দলের দায়িত্ব পালন মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত জুটি নিশ্চয়ই সাকিব-তামিম। একই সঙ্গে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বীও বটে। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইও আছে। সেই লড়াইটা আবার জমিয়ে দিলেন কাল তামিম ইকবাল। গতকাল ফিফটি করার ভেতর দিয়ে সাকিবকে ছাপিয়ে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন তামিম। বন্ধু সাকিব আল হাসান অনুপস্থিত থাকা সিরিজে প্রথম ম্যাচে রানের দেখা পাননি বাঁহাতি ওপেনার তামিম। গতকাল যখন খেলা শুরু হয় তখন তামিমের মোট রান ছিল ৩৬৪৪। তার চেয়ে ৪৪ রান বেশি নিয়ে ৩৬৮৮ রানের মালিক সাকিব তখনও ছিলেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহ। কিন্তু ৮৬ বলে ৫৮ রানের ইনিংস খেলার পথে বন্ধুকে টপকে সবার উপরে নিজের নামটা নিয়ে গেলেন তামিম। ১২৪ ম্যাচে তামিমের রান এখন ৩৭০২; সাকিব ম্যাচ খেলেছেন তামিমের চেয়ে ৫টি বেশি। এর আগে দীর্ঘদিন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাটা নিজের দখলে রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল। ১৭৫ ম্যাচে ৩৪৬৮ রান করা আশরাফুল ফিক্সিংয়ের দায়ে সাময়িক বহিষ্কৃত থাকায় এই লড়াইয়ে আপাতত তিনি নেই; আবার লড়াইয়ে ফেরার সম্ভাবনাও খুব ক্ষীণ। আশরাফুল না থাকলেও সাকিব-তামিমের লড়াইটা যে লম্বা সময় ধরে চলবে, সেটা বলাই যায়। অসুস্থ সাকিব নিশ্চয়ই বন্ধুর এই টপকে যাওয়া দেখছেন আর হাসছেন; অপেক্ষায় আছেন আবার নিজের জায়গাটা উদ্ধার করার!