ক্রিশ্চিয়ানো রোনালদো ও বিশ্বের সবচাইতে দামি খেলোয়াড় গ্যারেথ বেলের যুগলবন্দীর ফল কি দাঁড়াতে পারে তার নমুনা উপহার দিল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে স্পানিশ লিগের খেলায় মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন ‘আমরা মনোমুগ্ধকর খেলা উপহার দিতে চলেছি’। এরপর বার্নাব্যুতে রিয়াল সমর্থকরা দেখলেন রোনালদোর হ্যাট্রিক, বেল ও করিম বেনজামার দুটি করে গোলে ৭-৩ ব্যবধানে জিতল দল।
বেল ১৪ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে প্রথম গোলটি করেন। বার্নাব্যুতে এটা ছিল বিশ্বের সব থেকে দামি ফুটবলারের প্রথম গোল। এরপর ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েলশ ফুটবলারটি। এছাড়াও দলের দুটি গোলে অবদান রাখেন তিনি। এ রাতটি ছিল রিয়াল সমর্থকদের উল্লাসের জন্যই। তাই বেলের পর রোনালদোর হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে আরো পাঁচ বার বল জড়িয়েছে।
এই বিশাল জয়ে সন্তোষ প্রকাশ করলেও শিষ্যদের আরো ভাল খেলার তাগিদ দিয়েছেন রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা ভাল খেলেছি। তবে আমাদের আরো ভারসাম্য দরকার। আমাদের আক্রমণাত্মক খেলাটা ভাল হয়েছে। আজকের ম্যাচে দেখিয়ে দিয়েছি আমরা কতোটা ভাল খেলতে পারি।’
ফিফা সভাপতি সেপ ব্লাটার গত শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রোনালদো সম্পর্কে বলেছিলেন, মাঠে পর্তুগীজ স্ট্রাইকার কমান্ডোর মতো। সমালোচনার জবাবটা দিলেন ৩২ মিনিটে পেনালটি থেকে করা প্রথম গোলের পরই। বল জালে জড়ানোর পরপরই মিলিটারি কায়দায় স্যালুট দিয়ে উদযাপন করেন তিনি। এরপর ৬০ মিনিটে বেলের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন এই পর্তুগীজ। তার আগে ৫৩ মিনিটে বেনজামার প্রথম গোলেও বল বাড়িয়ে দেন বেল। ৭১ মিনিটে রোনালদোর হ্যাট্রিক পূর্ণ হয়। এ নিয়ে ১১টি গোল দিয়ে লা লিগায় চলতি মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়াগো কস্তার সাথে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এলেন রোনালদো। খেলার দশ মিনিট বাকি থাকতে মার্সেলোর বাড়ানো বলে বেনজামা নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করেন।
প্রথমার্ধের শেষদিকে ইভান রাকিটিচ এবং কার্লোস বাক্কা গোল দিয়ে রিয়াল সমর্থকদের মনে আতঙ্ক জাগান। কেননা প্রথমার্ধ শেষে স্বাগতিকদের ব্যবধান কমে আসে ৩-২ গোলে।
দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য ছিল রিয়াল। তবে প্রথমার্ধের মতো এই অর্ধেও পাঁচটি গোল হয় যার চারটিই করে রিয়াল। ৬৩ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিটিচ নিজের দ্বিতীয় গোলের দেখা পেলেও তা ব্যবধান কমানো ছাড়া সেভিয়ার জন্য অন্য কোনো কাজে আসেনি। কোচ অ্যানচেলোত্তি খেলা শেষে অন্যদের পাশাপাশি বেলের বিশেষ প্রশংসা বরাদ্দ করেন। ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় থাকা আনচেলত্তি এ প্রসঙ্গে বলেন, ‘তার ফিটনেস দারুণ এবং পুরো ম্যাচেই সে চমত্কার খেলেছে। আজ তার কোনো সমস্যাই হয়নি এবং যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। সে নিজে দুটি গোল করেছে এবং রোনালদো ও বেনজামাকে দুটি গোলে সাহায্য করেছে এটাই তার প্রমাণ।’
