পিসিবি চেয়ারম্যান পদে প্রার্থী কাদির ও আব্বাস

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:০৫
সাবেক টেস্ট কিংবদন্তি আবদুল কাদির ও জহির আব্বাস পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে দাঁড়াতে পারেন। আদালতের নির্দেশে আগামী মাসে এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পিসিবি’র সাবেক প্রধান জাকা আশরাফ সংশয় জাগানো নির্বাচনে জয়ী হওয়ার পর মে মাসে আদালতের নির্দেশে পদটি ছাড়তে বাধ্য হন। এরপর থেকেই এ পদটি নিয়ে আদালত ও পিসিবি’র মধ্যে টানাপোড়েন চলছে। এরই জের ধরে গত মঙ্গলবার ইসলামাবাদের হাইকোর্ট সংক্ষিপ্ত সময়ের জন্য অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নাজাম শেঠিকে বরখাস্ত করে জানিয়ে দেয় যে নভেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। পরে অবশ্য এ সিদ্ধান্ত রদ করে আদালত। আসন্ন নির্বাচনের প্রাক্কালে ১৯৭০-এর দশকের জাদরেল ব্যাটসম্যান জহির আব্বাস, লেগ স্পিনার আবদুল কাদির ও সাবেক ওপেনার মহসিন খান জানান দেন যে, তারা নির্বাচন করতে প্রস্তুত। পাকিস্তানের পক্ষে ২৩৬টি উইকেট নেয়া কাদির বলেন, আমি নির্বাচনে লড়বো। এক সময়ে নিজের দেশের ক্রিকেট নির্বাচকদের প্রধান হিসেবেও কাজ করা প্রাক্তন এই লেগি বলেন, পাকিস্তান ক্রিকেটকে সততার সাথে পরিচালনা করার মতো সামর্থ্য আমার আছে। ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো আমি জানি।