জয় পেল জুভেন্টাস, নেপোলি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:০৮
কার্লোস তেভেজের নৈপুণ্যে সিরি-‘এ’র খেলায় জুভেন্টাস নিজেদের মাঠে কাতানিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানের বড়ো জয় তুলে নিয়েছে। একই রাতে নেপোলি ২-১ ব্যবধানে হারিয়েছে ফ্লোরেন্তিনাকে এবং মিলান ১-১ গোলে ড্র করেছে লাজিওর সাথে। জুভেন্তাসের বিরুদ্ধে খেলার শুরুতেই পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কাতানিয়া। ২৬ মিনিটে তেভেজের বাড়ানো বলে স্বাগতিকদেরকে এগিয়ে দেন আতুরো ভিদাল। এদিন জুভেন্টাসের হয়ে ১০০তম ম্যাচ খেলতে নামা আন্দ্রে পিরলোও আলো ছড়িয়েছেন। ভিদালের গোলের ঠিক আট মিনিট পর ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ইতালিয়ান মিডফিল্ডার। এরপর ৬৫ মিনিটে তেভেজ নিজে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন। ৭১ মিনিটে লিওনার্দো বোনুচ্চি আরো একটি গোল করেন। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত দল দুটির ১২ বারের মুখোমুখিতায় মাত্র একবার হেরেছে জুভেন্টাস। এই ম্যাচেও বড়ো জয়ের সুবাদে সেই রেকর্ড ধরে রাখলো কোচ অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে নেপোলির থেকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয় অবস্থানে আছে জুভিরা। একই রাতে ফ্লোরেন্তিনার মাঠে নেপোলি স্বাগতিকদেরকে হারিয়ে রোমার থেকে দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছে। খেলার ১২ মিনিটের মাথায় হোসে মারিয়া কালিজন সফরকারীদেরকে এগিয়ে দেন। তবে ২৮ মিনিটে স্বাগতিকদের হয়ে পেনাল্টি থেকে স্বাগতিকদের পক্ষে সমতা ফেরান গুইসেপ্পে রসি। এরপর দেরেইন্স মেরতেনস ৩৬ মিনিটে আবারো এগিয়ে দেন নেপোলিকে। দুটি গোলেই সাহায্য করেছেন গঞ্জালো হিগুয়েন। ৮০ মিনিটে নেপোলির ক্রিশ্চিয়ান মাগ্গিও এবং অতিরিক্ত সময়ে ফ্লোরেনতিনার জুয়ান কুয়াড্রাডো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে আর কোনো গোল হয়নি। নিজেদের মাঠে খেরতে নেমে ৫৪ মিনিটে মারিও বালোতেল্লির বাড়ানো বলে মিলানকে এগিয়ে দেন কাকা। তবে ৭২ মিনিটে মাইকেল চিয়ানি লাজিওর পক্ষে সমতা ফেরান। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম অবস্থানে আছে মিলান।