অঘোষিত ফাইনালে থাকছেন না জনসন

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:৫৯
ভারত আবারো তাদের ব্যাটসম্যানদের উপর নির্ভর করেই আজ শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সপ্তম ও শেষ ওয়ানডেটির পাশাপাশি সিরিজ জিততে চায়। ব্যাঙ্গালোরে অনুষ্ঠেয় খেলাটিতে অস্ট্রেলিয়াও একইভাবে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবে জয়ের জন্য। রাচি ও কটকে দুটি খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর ভারত ঘুরে দাঁড়িয়ে ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনে। তাই আজকের খেলাটি দুদলের জন্য অঘোষিত ফাইনালও। ধারণা করা হচ্ছে নাগপুরের ৩৫১ রানের লক্ষ্য তাড়া করে ভারতের জয়ের পর আরো একটি বড় সংগ্রহের খেলা দেখাতে পারে দুদলের ব্যাটসম্যানরা। উভয় দলের বোলাররাই চাপে আছেন। কেননা দুটি খেলা পরিত্যক্ত হওয়ার পরও সিরিজে ইতোমধ্যে ২৫০০’র বেশি রান উঠেছে। এই সিরিজে ৩৫০ রানও নিরাপদ বিবেচিত হয়নি। তারপরও এম চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেট বরাবর ব্যাটিং অনুকূল। তার মধ্যে অস্ট্রেলিয়া তাদের ভারত সফরের দল থেকে বাহাতি ফাস্ট বোলার মিচেল জনসনকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য। তিনি এরই মধ্যে অস্ট্রেলিয়া ফিরে গেছেন। ফলে ভারতের জন্য কিছুটা সুবিধাও হতে পারে আজকের খেলায়। বিশেষ করে বিরাট কোহলি ও শিখর ধাওয়ান স্বাগতিকদের পক্ষে অনায়াসে রান তুলছেন বলে। ধোনি নিজেও মিডল অর্ডারে সাচ্চা ব্যাটসম্যান। জনসন ভারতে অনুষ্ঠানরত সাত ম্যাচের এই ওয়ানডে সিরিজে ৩৩.৪২ গড়ে এবং ৫.৬৮ ইকোনোমি রেটে সাত উইকেট শিকার করা জনসনই হলেন অস্ট্রেলিয় বোলারদের পক্ষে সেরা। অস্ট্রেলিয়া দলের জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেন, ভারতে মিচেল খুবই ভাল পারফর্ম করেছে। সুতরাং অ্যাশেজ টেস্ট সিরিজে অনেক বেশি বোলিং চাপে পড়ার আগে দেশে ফিরে তার প্রস্তুতি নেয়াটাকেই আমরা ভাল মনে করছি। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারও ভারতে ভাল করছে। জর্জ বেইলি ভালভাবেই স্বাগতিক বোলারদের তুলোধুনা করে সিরিজে সফরকারীদের মধ্যে সবচাইতে বেশি রান তুলেছেন। অপরদিকে সর্বশেষ খেলায় সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে জানান দিয়েছেন ‘ডেঞ্জারম্যান’ শেন ওয়াটসন। অধিনায়ক বেইলি জানান যে, টানা তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজটি জেতার মতো ক্ষমতা আছে তার দলের। সমস্যা একটাই ভারতের মতো অজি বোলাররাও প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে পারছেন না। যদিও অ্যাশেজের প্রাক্কালে ভারত থেকে জয় নিয়ে ফিরতে পারলে তা অজিদের ইংল্যান্ডের মোকাবেলায় আগাম এগিয়ে রাখবে। সব মিলিয়ে পরিস্থিতি হলো যে দলের বোলাররা কম ভুল করবেন, তাদেরই জয়ের সম্ভাবনা বেশি থাকবে এদিন।-বাসস