মাত্র কয়েক সপ্তাহ আগেও ভারতের ৩৫০ রানের বেশি টার্গেটের পিছু ধাওয়া করে ম্যাচ জেতার নজির ছিল না একটিও। কিন্তু মহেন্দ্র সিং ধোনির দল ইতোমধ্যে তিনটি খেলায় সেই কীর্তি গড়লো দু’বার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বুধবার আরেকটি সফল রান তাড়ার পর ধোনি এই জয়ের পেছনে দলের ব্যাটসম্যানদের কৃতিত্বের পেছনে অবদান দেখছেন আইসিসির নতুন ফিল্ডিং নিয়মেরও। আর এই নিয়ম ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যেক কোন পথে ঠেলে দিচ্ছে ভারতীয় দলপতি তুলেছেন সেই প্রশ্নও।
জর্জ বেইলি, শেন ওয়াটসনের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে নাগপুরে সাত ম্যাচ সিরিজের ষষ্ঠটিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন ৩৫০ রানের বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া। সিরিজে ফিরতে মরিয়া ভারত রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলিদের ব্যাটে চড়ে সেই স্কোর টপকে যায় অনেকটা অনায়াসেই। এই জয়ে সমতায় ফিরতে পারায় মাঠের বাইরে দর্শক-সমর্থকরা যখন পঞ্চমুখ ধোনি বাহিনীর প্রশংসায়, ধোনি নিজে তখন বলছেন আইসিসির নতুন ফিল্ডিং নিয়মে বোলারদের মাঠে সামান্যই করার থাকে।
পাশাপাশি এই হার্ড হিটার ব্যাটসম্যান একথাও বলেছেন, বোলারদের নাকানি চুবানি খাওয়ার এমন দৃশ্য এখন থেকে হয়তো নিয়মিতই দেখতে হবে সবাইকে। ধোনি বলেন, ‘আমার মনে হয় এই নিয়ম (নতুন ফিল্ডিং নিয়ম) প্রবর্তনের পর এখন সময় এসেছে সবাই মিলে আলোচনায় বসার। আমাদের ভেবে দেখতে হবে, আগের ২৮০ বা ৩০০ ই এখন ৩৫০ হয়ে গেছে কিনা। এই নিয়মের প্রচলনের ফলে ফিল্ডাররা বাধ্য হচ্ছে বৃত্তের ভেতরে থাকতে। ফলে বোলারদের তুলোধনা হতে হচ্ছে। দলের সেরা বোলার কিংবা ফাস্ট বোলারদেরও থার্ড ম্যান এবং ফাইন লেগ (ফিল্ডারকে) বৃত্তের ভেতরে রেখে বল করতে হচ্ছে।’
ধোনি আরো বলেন, ‘দুই দলের মধ্যে কোন দল অপেক্ষাকৃত কম খারাপ বল করে ব্যাপারটা এখন প্রায় এমন দাঁড়িয়ে গেছে। অতিরিক্ত কিছু ফিল্ডার বৃত্তের ভেতরে নিয়ে, আপনি যদি একটু এদিক সেদিক বল করেন তাহলেই হয়তো বল সীমানছাড়া হবে। কোন বোলার যদি ভাবে মাঠে তার বদলে একটি বোলিং মেশিন থাকলে ভালো হতো তাহলে তাকে মোটেই দোষ দেয়া যাবে না! কোন সন্দেহ নেই বোলারদের জন্য দারুণ কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে (সামনের দিনগুলোতে)।
গত ২০১২’র ৩০ অক্টোবর থেকে চালু হওয়া আইসিসির নতুন ফিল্ডিং নিয়ম নিয়েই ধোনির এই সমালোচনা। এই নিয়মের ফলে পাওয়ার প্লে বাদে অন্য ওভারগুলোতেও মাত্র চারজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবেন। ইংল্যান্ডে গত জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও এই নিয়ম নিয়ে বেশ উচ্চকিত হয়েছিলেন ধোনি। ভারতের তুলনামূলক বিচারে দুর্বল বোলিং লাইনআপ নিয়ে ধোনির দুর্ভাবনাটা তাই সহজেই অনুমেয়, ‘আমি জানি না এটা কোন দিকে যাচ্ছে। সাত ঘন্টা কি আমরা শুধু চার-ছয়ের জন্যই বসে থাকবো?’
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতা টেস্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারত। ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের উপহার হিসেবে টেস্ট দলেও ডাক পেয়েছেন রোহিত। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার উমেশ যাদব। তবে সেই ইনজুরিই দল থেকে ছিটকে দিয়েছে রবীন্দ্র জাদেজাকে। তার বদলে কলকাতা টেস্টের দলে ফিরেছেন স্পিনার অমিত মিশ্র। কিন্তু এবারও দলে ফেরা হয়নি অভিজ্ঞ পেসার জহির খানের।
