ডেভ হোয়াটমোর ‘অপ্রয়োজনীয়’

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:০১
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিম জাতীয় দলের কোচ অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোরকে ‘অপ্রয়োজনীয়’ হিসেবে অভিহিত করেছেন। গত মে মাসে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানো সাবেক এ টেস্ট স্পিনার বলেন, দল কিংবা পাকিস্তান ক্রিকেটে হোয়াটমোর কোন অবদান রাখতে পারছেন না। কাশিম বলেন, ‘আমার দৃষ্টিতে সে এখানে আছে কেবলমাত্র চাকরির জন্য এবং পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত্ ও মঙ্গলের বিষয়ে তার কোন আগ্রহ নেই।’ শুধু হোয়াটমোর নন পাকিস্তানে কাজ করা কোন বিদেশি কোচই দলের জন্য ভালো কিছু ডেকে আনেননি জানিয়ে তিনি আরো বলেন, ‘বিদেশি কোচরা সব সময়ই কিছু দিতে ব্যর্থ হয়েছে। কারণ চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে তারা অধিনায়কের মতানুযায়ী চলে। ফলে দলের জন্য তাদের কিছুই করার থাকে না। অধিনায়ক যা চায় হোয়াটমোরও কেবল তাই বলে বা করে এবং এ কারণেই দলের উন্নতিতে কোন ভূমিকা রাখা তার পক্ষে অসম্ভব।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অন্যান্য সুযোগ-সুবিধাসহ হোয়াটমোরকে প্রতি মাসে প্রায় ১.৬ মিলিয়ন রুপি দেয় বলে জানা গেছে। আগামী বছরের প্রথম দিকে হোয়াটমোরের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এবং তার দুই বছরের মেয়াদ শেষ হওয়ার পর পিসিবি তার চুক্তি নবায়ন করবে না বলে আভাস পাওয়া গেছে। কাশিম বলেন, ‘স্থানীয় কোচরা পরিচিত ভাষায় কথা বলে দলকে উজ্জীবিত করতে পারে এবং তাদের চিন্তা-ভাবনা খেলোয়াড়দের সহজে বোঝাতে পারে। যা এখন হচ্ছে না।’-বাসস