গলফ বিশ্বকাপে ভাল করার প্রতিশ্রুতি সিদ্দিকুরের

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:৩৪
দেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর রহমান আইএসপিএস হানডা বিশ্বকাপ গলফ টুর্নামেন্টে অংশ নেয়ার তার সাম্প্রতিক পারফর্মেন্স ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই প্রথম বাংলাদেশের কোন খেলোয়াড় গলফের বিশ্বকাপে অংশ নেবেন। বিশ্বকাপে অংশ নিতে তিনি আজ শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন। গতকাল শুক্রবার এ উপলক্ষে ২০০৩ সাল থেকে তার স্পন্সর গ্রামীণ ফোন আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিদ্দিকুর। তিনি বলেন, ‘প্রথমবারের মতো গলফের বিশ্বকাপে অংশ নিতে গিয়ে আমি খুবই এক্সাইটেড। কোন বাছাই রাউন্ড না খেলেই বিশ্বকাপে অংশ নিচ্ছি বলে আমি আনন্দিত। শেষ পাঁচটা টুর্নামেন্টে ভাল পারফর্ম করেছি। সেগুলো ধরে রাখতে পারলে একটা ভাল রেজাল্ট হবে।’ সিদ্দিকুর ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে পেশাদার গলফের মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়ান ট্যুরের ব্রুনাই ওপেন জেতেন। তিনি ২০১০ এবং ২০১১ সালে এশিয়ার শীর্ষ ১০ জন খেলোয়াড়ের তালিকায় থাকলেও গত মৌসুমে ১৭তম স্থান পান। তার বর্তমান বিশ্ব র্যাংকিং ২৫১। প্রায় ৭০ লাখ ডলারের এই ব্যক্তিগত ইভেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় ৬০ জন গলফার অংশ নেবেন। তার মধ্যে এশিয়া থেকে ঠাই পেয়েছেন সিদ্দিকুরসহ কেবল ১৩ জন। ২১ থেকে ২৪ নভেম্বর মেলবোর্নের রয়্যাল মেলবোর্ন গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস তাহমিদ আজিজুল হক এবং কুর্মিটোলা গলফ ক্লাবের চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবিদুর রেজা খান।