আর্সেনালের শিরোপা প্রত্যাশার একটা কঠিন পরীক্ষা হবে আজ শনিবার যখন ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি নিজ মাঠে শক্তিশালী লিভারপুলকে আতিথ্য দেবে। তাছাড়া নিজেদের মাঠে আগের দুই ম্যাচে হারায় কোচ আর্সেন ওয়েঙ্গারের দলটির জন্য এটি হবে ঘুরে দাঁড়ানোর লড়াইও।
গানার্সরা তাদের প্রতিপক্ষের চাইতে দুই পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চেলসি। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ড এবং লিগ কাপে চেলসির কাছে হেরে আর্সেনালের মনোবল ভগ্নপ্রায়। খেলা দুটির মাঝখানে অবশ্য প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্সেনাল।
কোচ ওয়েঙ্গার চাইবেন দীর্ঘ আট বছরের শিরোপার খরা কাটাতে নিজেদের মাঠে ঘুরে দাঁড়াক তার দল। চেলসির বিপক্ষে খেলাটিতে ছিলেন না লিগের নয় ম্যাচে পাঁচ গোল করা অলিভার গেরুদ। লিভারপুলের বিপক্ষে পুরো তিন পয়েন্ট তুলে নিতে এবং গানার্সদের আক্রমণভাগ আরো ধারালো করতে আজ মাঠে নামবেন এই ফরাসি স্ট্রাইকার।
ইংল্যান্ডে ধীরগতিতে খেলোয়াড়ি জীবন শুরু করা গেরুদ মনে করেন আত্মবিশ্বাসই তার উন্নতির মূল কারণ। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি কৌশলগতভাবে আমার মধ্যে এটা ছিল। হয়তো ট্রেনিংয়ে এটা নিয়ে অনেক বেশি কাজ করায় আমার উন্নতি হয়েছে। ভাগ্যের পরিবর্তনে আমার বিশ্বাস ছিল। চলতি মৌসুমের শুরু থেকেই আমি ভাল করেছি। দলের সাথে আমার প্রস্তুতিটা ভাল ছিল। গত মৌসুমের শুরু থেকে আমি এখানে ছিলাম না। প্রাক-মৌসুমের খেলাগুলোতেও গোল করেছি।’
গুরু ও স্বদেশী ওয়েঙ্গারের প্রশংসা করতেও ভোলেননি ফ্রান্স জাতীয় দলের এই খেলোয়াড়, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। বস (্আর্সেন ওয়েঙ্গার) আমাকে নিজের মত থাকতে দিচ্ছেন। সেজন্যই অনেক ভাল বোধ করছি এবং প্রতিদিন নিজের উন্নতির চেষ্টা করছি। আমি মনে করি, পুরোটাই আত্মবিশ্বাসের ব্যাপার।’
সার্বিকভাবে গেরুদের খেলার উন্নতি হয়েছে। নরউইচের বিপক্ষে জ্যাক উইলশেয়ারের গোলে যোগানদাতা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি এবং নিজের নাম উজ্জ্বল করেছেন। এই ফরাসি তারকা আরো বলেন, ‘এটা চমত্কার ব্যাপার। কারণ সারাবিশ্ব গোলটা দেখেছে। আমি গর্বিত।’ স্ট্রাইকারদের সম্পর্কে গেরুদ বলেন, ‘দলের কোনো খেলোয়াড় ভাল জায়গায় থাকলে লোভ পরিহার করে তাকে সাহায্য করা একজন স্ট্রাইকারের গুণ। একজন স্ট্রাইকার কেমন তা পরিমাপ করা হয় সে কতোটা গোল করলো তার উপর। কিন্তু আমাদের উচিত গোলের যোগান দেয়া। আমি সেটাই করার চেষ্টা করি; দলের অন্য খেলোয়াড়দেরকে সাহায্য করি।’
লিভারপুলের মধ্য মাঠের খেলোয়াড় জর্ডান হেন্ডারসন অবশ্য মনে করছেন, আর্সেনালের বিপক্ষের এই খেলাটি লিগের বাকি দলগুলোকে তাদের সামর্থ্য জানান দেয়ার মোক্ষম সুযোগ। গত সপ্তাহে ‘রেডস’রা ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিওনকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে চাঙ্গা মনোভাবে আছে।
অতিথি লিভারপুল কোচ ব্রেনডন রজার্স লিগের মাত্র এক-চতুর্থাংশ ম্যাচ খেলেই পুরো টুর্নামেন্ট কিংবা শিরোপা জয় নিয়ে এখনই কিছু বলতে চান না। কিন্তু ২৩ বছর বয়সী হেন্ডারসন মনে করেন এমিরেটস স্টেডিয়ামে ভাল কিছু করে দেখাতে পারলে বাকি দলগুলোর কাছেও লিভারপুলের সামর্থ্যের পরিচয় পৌঁছে যাবে।
হেন্ডারসন বলেন, ‘এই মুহূর্তে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। মৌসুমটা আমরা দারুণভাবে শুরু করেছি। তবে আরো উন্নতি করার জায়গা আছে। আরো ভাল দলে পরিণত হওয়ার জন্য আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যেমন খেলছি এমিরেটস স্টেডিয়ামে তেমনটা খেলতে পারলে আশা করি ভাল ফল নিয়ে ফিরতে পারবো।’
তিনি আরো বলেন, ‘লিগে আমাদের সামনে কঠিন কিছু খেলা আছে। আর্সেনাল দারুণ খেলছে। আমরাও দারুণ খেলা উপহার দিয়েছি। সুতরাং আশা করি, দারুণ একটা খেলা অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা ভাল ফল নিয়ে ফিরবো। সেখানে তেমন কিছু করে দেখাতে পারলে বাকি দলগুলোর কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে পারবো যে, আমরা শিরোপার দৌড়ে আছি।’
এএফপি/বাসস
