গত বছরে ইইউতে ৯ বিলিয়ন ইউরোর পণ্য রফতানি হয়েছে

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ১৯:৩৬
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ও উন্নয়ন অংশীদার। ২০০১ সাল থেকে ইইউ’র বাজারে বাংলাদেশি পণ্য অব্যাহতভাবে শুল্ক ও কোটামুক্ত সুবিধা ভোগ করছে। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই বাণিজ্য উদ্বৃত্ত অবস্থানে রয়েছে। ২০১২ সালে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ৯ দশমিক ২ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই বছর এসব দেশ থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ মাত্র দেড় বিলিয়ন ইউরো। বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হেড অব কো-অপারেশন ফিলিপ জেকস্ জাতীয় কোয়ালিটি নীতি বিষয়ক কর্মশালায় এ তথ্য জানান। বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডাস প্রোগ্রাম প্রকল্পের আওতায় শিল্প মন্ত্রণালয় এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা যৌথভাবে আজ এ কর্মশালার আয়োজন করে। রাজধানীর হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। প্রকল্পের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মোঃ লুত্ফর রহমান তরফদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) প্রধান কারিগরি পরামর্শক ডেভিড হলব্রুন। কর্মশালায় বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মোঃ আবু আবদুল্লাহ, ইউনিডো’র আন্তর্জাতিক বিশেষজ্ঞ মার্টিন কেলারম্যান ও কারিগরি পরামর্শক ড. ফ্রাঞ্চ হ্যানস্বার্গার আলোচনায় অংশ নেন।\