গণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান করার নিয়মাবলী

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ১৯:৪০
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,শুভেচ্ছা নিও। গণিত নিয়ে তোমাদের মধ্যে এমনিতেই এক ধরনের ভীতি কাজ করে। তারপর আবার গণিতের সৃজনশীল প্রশ্ন। কিন্তু গণিতে সৃজনশীল প্রশ্নের সমাধান করা কঠিন নয়। গণিতে সৃজনশীল প্রশ্ন কিভাবে সহজে সমাধান করা যায় এবং পূর্ণ নম্বর পাওয়া যায় তার নিয়মাবলী নিম্নে দেওয়া হলোঃ গণিতের একটি সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি নতুন পরিস্থিতিযুক্ত আকর্ষনীয় উদ্দীপক এবং উদ্দীপক সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন কাঠিন্যের ক্রমানুসারে সহজ ,মধ্যম ও কঠিন আকারে সাজানো থাকবে। মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের ক অংশের নম্বর ২,খ অংশের নম্বর ৪,গ অংশের নম্বর ৪,অথাত্ মোট নম্বর হবে ১০। প্রশ্নগুলি যে কোন পদ্ধতিতে সমাধান করতে পারবে। সৃজনশীল প্রশ্নের প্রথম অংশ অথাত্ ক নম্বর প্রশ্নের উত্তর হবে সহজ স্তরের। এই অংশের উত্তর দিতে তোমাদের বেশী চিন্তা করতে হবে না। উত্তর হবে উদ্দীপক নির্ভর অথবা যে অধ্যায় হতে প্রশ্ন হয়েছে সে অধ্যায় সংশ্লিষ্ট। এই অংশের উত্তরের ক্ষেত্রে ন্যূনতম দুটি ধাপ থাকবে। প্রতিটি ধাপের নম্বর হবে ১। সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় অংশ অথাত্ খ নম্বর প্রশ্নের উত্তর হবে কাঠিন্যের মধ্যম স্তরের। এক্ষেত্রে উত্তরের মধ্যে পাঠ্যপুস্তকের এক বা একাধিক তত্ত্ব,তথ্য, ধারণা, নিয়মনীতি,সুত্র ইত্যাদি প্রয়োগ করতে পারবে। এই অংশের উত্তর হবে অবশ্যই উদ্দীপক নির্ভর। উত্তর দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম চারটি ধাপ থাকা বাঞ্চণীয়। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করে সংক্ষিপ্ত ধাপেও প্রশ্নের পরিপূর্ণ উত্তর লিখতে পারবে। উত্তরের প্রতিটি ধাপের নম্বর ১। সৃজনশীল প্রশ্নের তৃতীয় অংশ অর্থাত্ গ নম্বর প্রশ্নের উত্তর হবে তুলনামূলক ভাবে কঠিন স্তরের। তাই এই অংশে শিক্ষার্থীর চিন্তার গভীরতা সবচেয়ে বেশি। একাধিক তত্ত্ব,তথ্য,নিয়মনীতি,ধারণা ইত্যাদির প্রয়োগ মধ্যম স্তরের চেয়ে বেশি হবে। এই অংশের উত্তরও হবে উদ্দীপক নির্ভর এবং উত্তরটি চারটি ধাপে থাকা বাঞ্চণীয়। এখানেও প্রতিটি ধাপের নম্বর ১। ধাপগুলি প্রক্রিয়াগতভাবে সঠিক রাখার চেষ্টা করবে। কোন ধাপ ভুল হলে সেই ধাপের নম্বর কাটা যাবে। তবে কোন ধাপের ভুল উত্তর নিয়ে পরবর্তী ধাপ প্রক্রিয়াগতভাবে সঠিক হলে সেই ধাপের নম্বর পাবে। সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি তোমরা ইচ্ছা অনুযায়ী আগে বা পরে দিতে পারবে। লেখক মো. রেজাউল করিম সহকারি শিক্ষক (গণিত ও বিজ্ঞান) ডাঃ আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় কাহালু,বগুড়া।