মায়ের কাছে ফিরে গেল আদুরী

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৬
পল্লবীর ডাস্টবিন থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া গৃহকর্মী আদুরী (১০) চিকিত্সা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে মায়ের কাছে ফিরে গেছে। শনিবার আদুরীকে তার মা শাফিয়া বেগমের কাছে হস্তান্তর করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। গত ২৩ সেপ্টেম্বর পল্লবীর বেড়িবাঁধ এলাকার একটি ডাস্টবিন থেকে আদুরীকে উদ্ধার করেন ক্যান্টনমেন্ট থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নান। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আদুরীর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই ২৬ সেপ্টেম্বর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাকে স্থানান্তর করা হয়। আর ওইদিনই পুলিশ পল্লবীর বাসা থেকে গ্রেফতার করে আদুরীর গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে। আদুরীর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের জৈনকাঠিতে। সাংবাদিকদের উপস্থিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. মুশফিকুর রহমান, আদুরীর চিকিত্সা বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন তুহিন (সার্জারি বিভাগ), ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) পরিচালক ডা. বিলকিস বানু, অন্য বিভাগের পরিচালকসহ হাসপাতালের চিকিত্সকগণ। পরিচালক মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, বাচ্চাটি যখন হাসপাতালে এসেছিল তখন তার ওজন ছিল ১৭ কেজি। যেন একটি হাড্ডিসার কঙ্কাল। আদুরী যখন হাসপাতালে এসেছিল তখন ঠিকমতো দাঁড়াতে পারতো না। এখন সে হাঁটতে পারে, দাঁড়াতেও পারে। এসময় পরিচালক হাসপাতালের পক্ষ থেকে আদুরীকে ১০ হাজার টাকা অনুদান দেন। এছাড়াও হাসপাতালের চিকিত্সকরা তাকে খেলনা ও জামা কাপড় উপহার দিয়েছেন।