শনিবার রাজধানীতে সিপিবি-বাসদের সঙ্গে নাগরিক ঐক্যের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকট কাটাতে সংলাপ- সমঝোতার পাশাপাশি জনগণের গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। কারণ, দুই বুর্জোয়া দলের ঝগড়ার ফলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হলে শ্রমিক-কৃষক-জনগণের অধিকার নস্যাত্ হবে।
সভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো; বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিপিবি সভাপতি ও বাসদ সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে উদ্ভূত সাংঘর্ষিক পরিস্থিতি ব্যাখ্যা করে এজন্য ক্ষমতাসীন ও প্রধান বিরোধীদলের ক্ষমতার লিপ্সাকেই দায়ী করেন। নেতৃবৃন্দ বলেন, একজন ক্ষমতা ছাড়তে চান না, আর অন্যজন যেকোন মূল্যে ক্ষমতায় যেতে চান। এজন্য তারা স্বাধীনতার পরাজিত শক্তি ও ক্ষমতাচ্যুত স্বৈরাচারকেও কাছে টানতে পিছপা হননি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণ দুই দলের বাইরে একটা আস্থাভাজন বিকল্প চায়। এই তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তিনি সিপিবি-বাসদসহ গণতন্ত্রমনা ব্যক্তি, শক্তি ও দলের প্রতি আহ্বান জানান।
