এবার রোহিতের দু’শো

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:৫৮
আগের দু’বারের মতো ওয়ানডে ক্রিকেটের তৃতীয় ডাবল সেঞ্চুরিটিও আসলো একজন ভারতীয়র ব্যাট থেকেই। শচীন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগদের পথ ধরে রোহিত শর্মা গতকাল খেলেছেন ২০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। আর ডানহাতি এই ওপেনারের রেকর্ডভাঙ্গা এই ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ধারনী সপ্তম ওয়ানডেতে আরো একবার রানের পাহাড়ে চড়েছে ভারত। তাদের দেয়া ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারিরা ২৮ ওভার শেষে শেষ খবর পাওয়া পর্যন্ত সাত উইকেট হারিয়ে করেছে ২০৫ রান। ইনিংসের শুরুতে শেখর ধাওয়ানের সঙ্গে আরেকটি শতরানের জুটি গড়ার পর ধাওয়ান ফিরে গেলেও রোহিত খেলছিলেন স্বভাবসুলভ ভঙ্গিতেই। এরপর দ্রূতই ফিরে যান কোহলি এবং রাইনাও। তবে অপর প্রান্তে রোহিত ততক্ষনে রক্ষন আর আক্রমনে গড়তে শুরু করেছেন তার ইনিংসটি। ৭১ বলে পঞ্চাস ছোঁয়া রোহিত চারটি চার আর ছয়টি ছয়ে শতরানে পৌছান ১১৪ বলে। এরপর সময় গড়ানোর সাথে সাথে ক্রমেই আরো উন্মত্ত হয়ে উঠতে থাকে রোহিতের ব্যাট। যার প্রমান রোহিতের তৃতীয় পঞ্চাসটি আসে মাত্র ২৬ বলে। আর শেষ পঞ্চাস আসে মাত্র ১৬ বলে! ইনিংসের শেষ ওভারে দ্বিতশতকে পা রাখা রোহিতের খেলা দেখে মনে হচ্ছিল শেবাগের ২১৯ রানও শেষ পর্যন্ত টপকে যাবেন তিনি। আর সেটা করতে শেষ চার বলে তার প্রয়োজন ছিল মাত্র ১১ রান। তবে ক্লিন্ট ম্যাকের বলে অতিরিক্ত ফিল্ডার হেনরিকসের হাতে ক্যাচ দেয়ায় শেষ পর্যন্ত ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। শচীনকে টপকে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার পথে রোহিত ভেঙ্গেছেন ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও। বাংলাদেশের বিরুদ্ধে ১৮৫ রান করার পথে ১৫ ছক্কা মারা শেন ওয়াটসনের রেকর্ড ভেঙ্গে রোহিত এদিন বল উড়িয়ে সীমানা ছাড়া করেছেন ১৬ বার। অবশ্য ইনজুরির কারনে আট নম্বরে নামা ওয়াটসন এই রিপোর্ট লেখা পর্যন্ত হাকিয়েছেন ছয়টি ছক্কা!