এর আগের তিন ওয়ানডে সিরিজের মধ্যে দুটিই জিতেছে নিউজিল্যান্ড; একটি ইংল্যান্ডের বিপক্ষে, আরেকটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে! এমন হাই প্রোফাইল দুটো সিরিজ জিতে আসা নিউজিল্যান্ড স্বাভাবিক হিসেবে তো বাংলাদেশের বিপক্ষে এগিয়েই থাকার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ বলে কথা! আরও একবার আজ সিরিজ হারের পর হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কা নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড।
যদিও মনে হতে পারে, এমন ফলাফল নিউজিল্যান্ডের প্রাপ্য ছিল না। কিন্তু নিউজিল্যান্ডের খেলোয়াড়রাই বলছেন, এই সিরিজে যোগ্য দল হিসেবেই জিতেছে বাংলাদেশ। এখন তারা আজকের ম্যাচে একটা জয় নিয়ে শ্রীলঙ্কা সফরের আগে অন্তত কিছু অনুপ্রেরণা নিয়ে যেতে চান। তেমনটাই বলছিলেন দলটির সহ-অধিনায়ক রস টেলর।
বাংলাদেশের কাছে ইতিমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ায় দুঃখ আছে। তবে এই ফলটাকে বাংলাদেশের প্রাপ্য বলেই মানছেন টেলর, ‘অবশ্যই হতাশার ব্যাপার। তবে আসলে বাংলাদেশকে শ্রদ্ধা না জানিয়ে উপায় নেই। হয়তো র্যাংকিংয়ে তারা একটু পিছিয়ে আছে। কিন্তু ওরা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।’
এই নিজেদের পিছিয়ে থাকাটা মেনে নিয়েও আজ একটা জয়ের জন্য খুব চেষ্টা তারা করবেন বলেই বললেন টেলর। এই জয়টা তাদের কেন দরকার, তাও বুঝিয়ে বললেন, ‘২-১ সবসময়ই অন্তত ৩-০ এর চেয়ে ভালো শোনায়। তবে আসল ব্যাপার হল, কাল (আজ) একটা জয় পেলে সেটা শ্রীলঙ্কা সফরের আগে আমাদের জন্য খুব অনুপ্রেরণার একটা ব্যাপার হবে। ফলে আজ আমরা একটা জয় পেতে মরীয়া হয়েই খেলবো।’
