শেষ চারে ফেদেরার-জোকোভিচ লড়াই

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:০১
রজার ফেদেরার যেন ঠিক সময়েই ফিরে পেলেন তার পুরনো ফর্ম। প্যারিস মাস্টার্সের শেষ আটের লড়াইয়ে ফেদেরার গত শুক্রবার ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারান আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোত্রোকে। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন নোভাক জোকোভিচের। এদিকে লোকাল হিরো রিচার্ড গ্যাসকুয়েটকে হারিয়ে স্বদেশি স্প্যানিয়ার্ড ডেভিড ফেরারের সঙ্গে শেষ চারে সঙ্গী হয়েছেন রাফায়েল নাদালও। গত এক যুগের মধ্যে র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন অবস্থান, ২০০২’র পরে প্রথমবারের মতো কোন গ্র্যান্ড স্ল্যাম ফাইনালবিহীন মৌসুম। পাশাপাশি বছরের প্রথমার্ধে জিততে পারেননি একটি মাত্র শিরোপাও। এ সবকিছুর বিচারে সর্বকালের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় ফেদেরারের ক্যারিয়ারের শেষ দেখতে শুরু করেছিলেন সমালোচকরা। র্যাঙ্কিংয়ে অবনমন হুমকির মুখে ফেলে দিয়েছে লন্ডনে বছরের শেষ এটিপি ট্যুরে ফেদেরারের অংশগ্রহণের বিষয়টিও। তবে সমালোচকদের মোক্ষম জবাবটি এখনো দিতে না পারলেও নিজের পুরনো ঝলকের খানিকটা এদিন দেল পোত্রোর বিরুদ্ধে দেখাতে পেরেছেন ফেড এক্সপ্রেস। যার ফলাফল এবছরের জানুয়ারির পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের কোন খেলোয়াড়কে হারাতে পারলেন তিনি। ম্যাচের প্রথম সেটে রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের সামনে দাঁড়াতেই পারেননি পোত্রো। এরপর দ্বিতীয় সেটে অনেকটা রক্ষণশীল হয়ে পড়া ফেদেরারকে কোণঠাসা করে ম্যাচকে তৃতীয় সেটের দিকে ঠেলে দেন এই আর্জেন্টাইন। তবে ম্যাচ নির্ধারক তৃতীয় সেটে খোলস ছেড়ে বেরিয়ে আসেন ফেদেরার। দারুণ আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে জিতে নেন ম্যাচ। আর নিজের এই বিষয়টিই সন্তুষ্ট করেছে ফেদেরারকে, ‘ ফেদেরার সামনে আবার গ্র্যান্ড স্ল্যাম, ‘আমার মনে হয় তৃতীয় সেটে আমার শুরুটা দারুণ ছিল। এই ব্যাপারটিই আমি বাসেলে ঠিকভাবে করতে পারিনি। ম্যাচের প্রায় পুরোটা সময়ই আমি বল ভালোভাবে র্যাকেটে নিতে পারছিলাম। আর আমার সিদ্ধান্তগুলোও বেশ কাজে এসেছে। সবমিলিয়ে আমার খেলা নিয়ে আমি সন্তুষ্ট।’ এদিকে সেমিফাইনাল প্রতিপক্ষকে নিয়ে এরই মধ্যে ভাবতে শুরু করেছেন জোকোভিচও। ফেদেরারের ফর্ম নয় বরং তার প্রতিভাকেই গুরুত্ব দিচ্ছেন এই সার্বিয়ান। শেষ আটে স্টানিস্লাস ওয়ারিঙ্কাকে হারানো র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা ম্যাচ শেষে বলেন, ‘আমার ধারণা রজার ফেদেরার এ মৌসুমে গত দশ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুমটি কাটাচ্ছে। তবে তারপরও প্রতিটি টুর্নামেন্টে তার বিরুদ্ধে ম্যাচ মানেই সেটা বিশেষ কিছুই। কারণ সে রজার ফেদেরার। আর তার ভাণ্ডারে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সময় তার যে ফর্ম ছিল তা থেকে সে হয়তো বেশ পিছিয়ে পড়েছে তবে তাই বলে তাকে অগ্রাহ্য করার উপায় নেই।’