হকি খেলোয়াড় দলবদলের নতুন তারিখ ঘোষণা

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:০৩
আগামি ১৫ থেকে ১৭ নভেম্বর প্রিমিয়ার হকি লিগের জন্য খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার দলবদলের নতুন এ তারিখ ঘোষণা করে হকি ফেডারেশন। এছাড়াও ডিসেম্বর থেকে নতুন মৌসুম শুরু করতে চায় ফেডারেশন। সে অনুযায়ী ৫-১২ ডিসেম্বর ক্লাব কাপ হকি, ১৬ ডিসেম্বর বিজয় দিবস হকি এবং ২৬ ডিসেম্বর প্রিমিয়ার লিগ শুরু হবে। ফেডারেশন থেকে এসব তথ্য জানা গেছে । গতকাল দুপুরে ফেডারেশনে অনুষ্ঠিত লিগ কমিটির সভায় মৌসুম শুরু করা নিয়ে আলোচনা হয়; কিন্তু অনেকের আশঙ্কা মোহামেডান, মেরিনার ইয়াংসসহ জোটবদ্ধ ক্লাবগুলো দলবদলে আসবে না। আদৌ দলবদল হবে কিনা তা নিয়েও শঙ্কা ব্যক্ত করেছেন কালকের লিগ কমিটির সভায় আসা ক্লাব প্রতিনিধিরা। আবাহনী, সাধারণ বীমা, অ্যাজাক্স, ঊষা ক্রীড়া চক্র, সোনালী ব্যাংক, আহাদ স্পোর্টিং ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন বড় দল মোহামেডান না আসলে খেলাই হবে না। ফেডারেশন চাইছে ছয়/সাতটি ক্লাব নিয়ে লিগ হলে রেলিগেশন থাকবে না। আর যদি মোহামেডানসহ অন্যান্য ক্লাব মাঠে ফেরে তাহলে রেলিগেশন প্রথা থাকবে। কেনো কারণে খেলা না হলে তখন কী হবে সেটাও লিখিতভাবে জানতে চেয়েছে একটি ক্লাব।