টানা তিন দিনের হরতাল শুরু হওয়ার আগে গতকাল রবিবার দেশের শেয়ারবাজারে সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তায় কয়েকদিনের দরপতনের ফলে অনেক শেয়ারের দাম নিম্ন পর্যায়ে চলে আসায় বিনিয়োগকারীরা কিছু শেয়ার কিনে পোর্টফোলিওতে রাখতে চাইছেন। এ কারণেই গতকাল সূচক বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫ কোটি ২৩ লাখ ১৫ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি ৩০ সেপ্টেম্বর ২০১৩ইং তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি ছয়টি হলো: আর্গন ডেনিমস, এমবি ফার্মা, জিবিবি পাওয়ার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং এবং ওরিয়ন ফার্মা। আর্গন ডেনিমসের কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা। সোনার বাংলা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৫০ টাকা। ওরিয়ন ফার্মার কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) হয়েছে ২৯ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৯৮ টাকা। সাফকো স্পিনিংয়ের কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৫ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৩৪ টাকা। এমবি ফার্মার কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৪ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ২.২০ টাকা। আর জিবিবি পাওয়ারের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৩৪ টাকা।
