উপেক্ষিত
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে নিয়েছিলেন সাত উইকেট। এরপর গতকালই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন জিয়াউর রহমান। ইনফর্ম ওপেনার তামিম ইকবালের পেটের ব্যথার কারণে না খেলাটা আগের দিনই নিশ্চিত ছিল। তার বদলে জিয়াকে নেয়ায় ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি একজন অতিরিক্ত পেসারও পায় বাংলাদেশ। কিন্তু কোথায় কি? ইনিংসে এক ওভারও বল করার সুযোগ দেয়া হল না জিয়াকে। পরে অবশ্য ব্যাট হাতে উপেক্ষার জবাব দেয়ার চেষ্টা করেছিলেন জিয়া। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২০ বলে ২২ রান করে আউট হয়ে যান তিনি।
মিতব্যয়ী
তার মূল পরিচয় ব্যাটসম্যান। কিন্তু চলমান সিরিজের শুরু থেকে ‘ব্রেক থ্রু স্পেশালিস্ট’ হিসেবে দলের প্রয়োজনে উইকেটও এনে দিচ্ছিলেন নাসির হোসেন। আর গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনি হয়ে উঠলেন পুরোদসু্তর বোলার। বাকি সব বোলারদের জন্য ভুলে যাওয়ার এক দিনে ১০ ওভার বল করে কোন উইকেট না পেলেও দিলেন মাত্র ৩৩ রান। ইনিংসের একমাত্র মেডেনটিও তার কাছ থেকেই আসে! নাসির বাদে ওভারপ্রতি ছয়ের নিচে রান দিয়েছেন আর কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। সাত ওভার বল করে ৩৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক।
টানা তিন
ঠিক একদিন আগেই ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে ছক্কার নতুন রেকর্ড হয়েছিল। গতকাল বাংলাদেশেও কয়েক মিনিটের জন্য ভর করেছিল গত রাতের বেঙ্গালুরু। ইনিংসের ৪৭ তম ওভারে সোহাগ গাজীর বলে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে বসেন রস টেলর। সারা সিরিজই নিজের সেরা ফর্মে ফিরতে না পারা টেলর অবশেষে গতকালকের ম্যাচে বড় ইনিংসের দেখা পেলেন। দলকে রানের পাহাড়ে তোলার পাশাপাশি নিজেও ৯৩ বলে ১০৭ রান করে অপরাজিত থাকলেন। তিনটি ছক্কার সাথে টেলরের ইনিংসে নয়টি চারও ছিল।
নার্ভাস থার্টিস!
টেস্টে টানা দুই ম্যাচে সেঞ্চুরি, প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ রান করা বাংলাদেশি ব্যাটসম্যান; এতো কিছুর পরও সীমিত ওভারের ক্রিকেটে টেস্ট পারফরম্যান্সের কোন প্রতিফলন ঘটছে না মুমিনুল হকের। ২০.৫০ গড়ে ২০৫ রান মোটেও চেনাতে পারছে না মুমিনুলের প্রতিভাকে। ১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এরই মধ্যে চারবার ত্রিশের কোঠায় আউট হয়েছেন ব্যাটসম্যান। তার মধ্যে এই সিরিজেই দুবার আউট হয়েছেন ত্রিশের ঘরে। আর কাকতালীয় ভাবে দুটি ইনিংসই আবার ৩২ রানের। নিজের সর্বোচ্চ ইনিংসও ত্রিশের ঘরে। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ইনিংসে ৩৮ রান করেছিলেন এই ব্যাটসম্যান। তাহলে কি ‘নার্ভাস থার্টিস’-এ পেল মুমিনুলকে!
