মির্জাপুরে গোড়াই-সখীপুর রাস্তার বেহাল অবস্থা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৩
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোডের সংযোগ সড়ক সৈয়দপুর-হরিরচালা রাস্তার বেহাল দশা। গত ৪২ বছরেও জনগুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন না হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর দুর্ভোগের অন্ত নেই। সৈয়দপুর-হরিরচালা রোডে সরেজমিন গিয়ে দেখা গেছে যোগাযোগের ক্ষেত্রে মানুষের দুর্ভোগের সীমা নেই। সৈয়দপুর-হরিরচালা রাস্তা একটি গুরুত্বপূর্ণ সড়ক। রাস্তাটি ১০নং গোড়াই ইউনিয়ন এবং ১১নং আজগানা ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় দুই ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে রশি টানাটানির ফলে সড়কের কোন উন্নয়ন হচ্ছে না। এলাকার কলেজ ছাত্রী ফারজানা ববি এবং স্কুল ছাত্র শফিকুর রহমান অভিযোগ করেন, এই রাস্তাটির আশপাশে ১০-২০টি গ্রাম রয়েছে। এ ছাড়া এই রাস্তার পাশে গড়ে উঠেছে ছোট-বড় মিলে ১০/১২টি শিল্পকারখানা। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সৈয়দপুর-হরিরচালা রাস্তাসহ বিভিন্ন রাস্তা উন্নয়নের প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।