চলতি সপ্তাহের যে কোন কার্যদিবসে জাতীয় সংসদে বহুল আলোচিত গ্রামীণ ব্যাংকসহ চারটি বিল পাস হতে পারে। সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে পর পর চারটি বিলের চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করা হয়।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল ‘গ্রামীণ ব্যাংক বিল-২০১৩’-এর রিপোর্ট উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে গ্রামীণ ব্যাংকের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়িয়ে আইনভঙ্গের জন্য শাস্তির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া ব্যাংকের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে সরকারের পরামর্শ নেয়া বাধ্যতামূলক, সরকার কর্তৃক চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয়ার বিধান রাখা হয়েছে। আইনটি পাস হলে ১৯৮৩ সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ বাতিল হবে।
গত ২৭ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনে বিলটি উত্থাপন করেন। মন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট প্রদানের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। গত ৩০ অক্টোবর সংসদীয় কমিটির বৈঠকে উল্লেখযোগ্য সংশোধনী ছাড়াই বিলটি পাসের সুপারিশ করে রিপোর্ট চূড়ান্ত করা হয়।
গ্রামীণ ব্যাংক ছাড়াও সংসদে আরও তিনটি পৃথক বিলের চূড়ান্ত রিপোর্ট উত্থাপন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল ‘এশিয়ান রি-ইন্স্যুরেন্স করপোরেশন বিল-২০১৩’, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ‘ভৌগোলিক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল-২০১৩ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী ‘পায়রা বন্দর কর্তৃপক্ষ বিল-২০১৩’-এর চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করেন।
