জিম লেকালের দুঃখ ছিল জিম বার্ক।
বিখ্যাত সেই ওল্ড ট্রাফোর্ড টেস্টে ওই বার্কের উইকেটটাই পাননি বলে ম্যাচের ২০টি উইকেটই নেয়া হয়নি লেকারের। সে অর্থে আমাদের কিশোর সিদ্দিকুর রহমানের দুঃখ হয়ে রইলেন মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৬ দলের ওপেনার ঋষভ চৌবে। কারণ, এই ঋষভ ছাড়া মধ্যপ্রদেশের বাকী ৯ ব্যাটসম্যানকেই একাই আউট করে অসাধারণ এক কৃতিত্ব গড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-১৬ বলের বাহাতি স্পিনার সিদ্দিকুর রহমান শাওন।
কক্সবাজারে চলমান বিসিবি ও মধ্যপ্রদেশের এই কিশোরদের ম্যাচের গতকাল ছিল দ্বিতীয় দিন। আগের দিন পর্যন্ত ৫ উইকেটে ২০৭ রান তুলেছিল মধ্যপ্রদেশ। এর মধ্যে ওপেনার ঋষভ শুধু রানআউট হয়েছিলেন। বাকী ৪টি উইকেট ছিল শাওনের। আর গতকাল এই কিশোরের শিকার আরও ৫টি উইকেট। সবমিলিয়ে ম্যাচে শিকার তার ৮৪ রানে ৯ উইকেট!
মজার ব্যাপার হল, ঋষভের উইকেটটিও এক অর্থে শাওনের শিকার। তাকে রান আউট করেই শুরুটা করেছিলেন ঢাকার শাহাজানপুরের এই কিশোর।
বিস্ময়কর সাফল্য পাওয়া বিকেএসপির এই কিশোর সম্পর্কে বিসিবি অনূর্ধ্ব-১৬ একাদশের ম্যানেজার, সাবেক জাতীয় দলের তারকা হাসিবুল হোসেন শান্ত বলছিলেন, ‘একেবারেই বাচ্চা ছেলে। এই বয়সের তুলনায় অনেক ভালো বোলার সে। বড় দৈর্ঘ্যের ম্যাচে উইকেট নেয়ার ক্ষমতা খুব ভালো। তবে বয়স এখনও অনেক কম। অনেক পথ পাড়ি দিতে হবে তাকে। পরিশ্রম করলে আশা করি এই সাফল্য সে ধরে রাখতে পারবে।’
বিকেএসপির নবম শ্রেণীর ছাত্র শাওন নিজে অবশ্য এখনই এতো কিছু ভাবছেন না। এখন তার সময়টা পরিশ্রম করার। সেই পথে যে সাফল্য পেয়েছেন, তাতেই খুব খুশি তিনি, ‘আমার বিশ্বাস ছিল, ভালো বল করতে পারবো। এতোগুলো উইকেট পেয়ে যাওয়ায় খুব ভালো লাগছে। খুবই আনন্দ পেয়েছি।’
ঢাকার শাহাজানপুরের ছেলে শাওন ইতিমধ্যে বাসা থেকে, বন্ধুদের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন। ফোনে ৯ উইকেট পাওয়ার কীর্তি শুনে পরিচিতরা খুবই খুশি। আর শাওন এখন চান এই আনন্দ, খুশি ধরে রাখতে।
উল্লেখ্য, শাওনের এই পারফরম্যান্সটা প্রথম শ্রেণীর ক্রিকেটে নয়। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটেও জাতীয় দলের তারকা আব্দুর রাজ্জাকের এবং ফিক্সিংয়ের অভিযোগে আপাতত নিষিদ্ধ মোশাররফ রুবেলের এই ইনিংসে ৯ উইকেট নেয়ার কীর্তি আছে। শাওন আশাবাদী হতে পারেন, কারণ তিনিও রাজ্জাক-রুবেলের মতো বাহাতি স্পিনার যে!
