উইন্ডোজ ৮.১

অজানা কিছু ফিচার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২১:২৬
ট্যাবলেট পিসির অপারেটিং সিস্টেম হিসেবে তকমা পাওয়া উইন্ডোজ ৮-এর নতুন আপডেট নিয়ে এসেছে মাইক্রোসফট। ৮.১ নামের এই সংস্করণে উইন্ডোজ ৮-এর সমালোচনাগুলো মাথায় রেখেই বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এটিও ট্যাবলেট পিসি জন্যই বেশি উপযোগী বলে অভিহিত হচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হওয়া কিছু ফিচারের কথা জানাচ্ছেন তরিকুর রহমান সজীব দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে মাইক্রোসফট বাজারে আনে উইন্ডোজ ৮। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় উইন্ডোজের এই সংস্করণ। ডেস্কটপ পিসির চাইতে ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইসের জন্য বেশি উপযোগী বলেই অভিযোগ উঠে এই অপারেটিং সিস্টেমের বিরুদ্ধে। ধীরে ধীরে অবশ্য উইন্ডোজ ৮-এর ব্যবহারকারী বাড়তে থাকে। নানা ধরনের সমালোচনা নিয়েই কিছুদিন এর আপডেট সংস্করণ উইন্ডোজ ৮.১ অবমুক্ত করে মাইক্রোসফট। নতুন এই আপডেট বেশকিছু ফিচার যুক্ত করা হয়েছে। যেগুলো বৈচিত্র্যময় কম্পিউটিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। এই লেখাতে এমন কিছু ফিচারের কথা তুলে ধরা হলো পাঠকদের জন্য। এই ফিচারগুলোও অবশ্য টাচ ডিভাইসের জন্যই বেশি প্রযোজ্য। সেক্ষেত্রে আপনি যদি উইন্ডোজ ৮.১চালিত কোনো ট্যাবলেট পিসি ব্যবহার করেন, তাহলে তা আপনার জন্য বাড়তি সুবিধা বয়ে নিয়ে আসবে। সিনক্রোনাইজেশন স্কাইড্রাইভের মাধ্যমে এখন বিভিন্ন পিসিতেও একই সেটিং এবং কাস্টম ডিজাইনের উইন্ডোজ ৮.১ ব্যবহার করা যাবে। এর জন্য স্কাইড্রাইভের সিনক্রোনাইজেশন চালু রাখতে হবে। স্কাইড্রাইভে গিয়ে ‘সিংকসেটিং’ অপশনটি চালু রাখলে যে ডিভাইসে আপনার স্কাইড্রাইভ অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করবেন, ডিভাইসেই আপনার সেটিংগুলো খুঁজে পাবেন। মেইল অ্যাপ্লিকেশন মাইক্রোসফটের নিজস্ব মেইল অ্যাপ্লিকেশনটিও নতুন রূপ পেয়েছে এই সংস্করণে। এই মেইল অ্যাপ্লিকেশন থেকে যেকোনো ইমেইলে থাকা হাইপারলিংস সরাসরি ওপেন হবে ইন্টারনেট এক্সপ্লোরারে। আর সেটা ব্যাকগ্রাউন্ডেই হবে। ফলে মেইল শেষ করেই চেক করতে পারবেন ওই ওয়েবলিংক। আর যেকোনো ইমেইলকেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে স্থানান্তর করতে পারবেন ফোল্ডারে। স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট উইন্ডোজ ৮-এ সব অ্যাপ্লিকেশন আপডেটের কাজটি করতে হতো ম্যানুয়ালি। তবে এবারে স্বয়ংক্রিয়ভাবেই অ্যাপ্লিকেশনগুলো আপডেট করার সুবিধা যুক্ত হয়েছে। উইন্ডোজ স্টোরে গিয়ে সেটিং অপশন থেকে ‘অ্যাড আপডেটস’-এ স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার অপশনটি চালু করা যাবে। ফলে আলাদা করে আর অ্যাপ্লিকেশন আপডেট করতে হবে না নিজেকে। ব্যাচ অ্যাপ-এডিটিং উইন্ডোজের হোমস্ক্রিনেই এখন দেখা মেলে সব অ্যাপ্লিকেশনের। এগুলোর কোনোটির আইকন বড়, কোনোটির ছোট। এই আইকনের আকার কাস্টমাইজ করতে হত একটি একটি করে। তবে উইন্ডোজ ৮.১ সুযোগ করে দিয়েছে ব্যাচ এডিটিংয়ের। এর ফলে এখন একাধিক অ্যাপ্লিকেশনকে একসাথে নির্বাচিত করে এক কমান্ডেই সবগুলোর আইকন ছোট-বড় করা যাবে। আবার একাধিক অ্যাপস একসাথেই আন-ইনস্টল করা যাবে এখন। স্টার্ট বাটন ও শাটডাউন উইন্ডোজ ৮-এ স্টার্ট বাটন না থাকা ছিল সমালোচনার অন্যতম মূল একটি উপাদান। এই আপডেটে সেই স্টার্ট বাটনটি ফিরে এসেছে। সাথে সাথে উইন্ডোজ ৮-এ পিসি শাটডাউন করতে যে ঝামেলা পোহাতে হত, সেটারও অবসান ঘটেছে। এখন স্টার্ট বাটন থেকেই সরাসরি পিসি শাট ডাউন করার অপশনটি পাওয়া যাবে। অনেক ব্যবহারকারীর জন্যই এটি স্বস্তি বয়ে এনেছে। বন্ধ থাকবে নোটিফিকেশন ‘কোয়াইট আওয়ার’ নামের বিশেষ ফিচারের মাধ্যমে এখন নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বন্ধ রাখতে পারবেন। শুরু এবং শেষের যে সময় আপনি নির্বাচন করে দেবেন, সেই সময়ের মধ্যে কোনো অ্যাপস নোটিফিকেশন হাজির হবে না। এই সময় শেষ হলে আবার নোটিফিকেশন আসা শুরু করবে। ‘পিসি সেটিংস’ থেকে ‘সার্চ অ্যান্ড অ্যাপস’-এ গিয়ে ‘নোটিফিকেশন’-এ গেলে পাবেন এই অপশনটি। স্কাইড্রাইভ মাইক্রোসফটের নিজস্ব ক্লাউড সার্ভিস স্কাইড্রাইভকে নতুন ইন্টারফেস দেওয়া হয়েছে এই আপডেটে। আধুনিক ফাইল এক্সপ্লোরারের মতো করেই ডিজাইন করা হয়েছে স্কাইড্রাইভ। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে কেবল স্কাইড্রাইভে সংরক্ষিত ফাইলই নয়, পিসির সব ফাইলও ব্রাউজ করা যাবে। ফলে আপনার হার্ডডিস্ক কিংবা ক্লাউড ড্রাইভের সব ফাইল ব্রাউজ করতে পারবেন এক জায়গা থেকেই। ইন্টারনেট এক্সপ্লোরার ১১ উইন্ডোজের নিজস্ব ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের সর্বশেষ সংস্করণটি যুক্ত করা হয়েছে ৮.১-এ। টাচ ডিভাইসের জন্য অনেক বেশি উপযোগী করে গড়ে তোলা হয়েছে ব্রাউজারটি। এর একটি চমত্কার ফিচার যুক্ত হয়েছে এই সংস্করণে, আর তা হলো ‘রিডিং ভিউ’। যেকোনো আর্টিকেল পড়ার জন্যই এই বিশেষ মোডটি যুক্ত করা হয়েছে। এতে আর্টিকেল স্ক্রল করা থেকে শুরু করে পড়ার কাজটি অনেক আনন্দময় হবে। এক্সপ্লোরারের অ্যাড্রেস করে থাকা বইয়ের আইকনে ক্লিক করলেই সক্রিয় হয়ে যাবে এই মোডটি। ফলে অনলাইন পড়ুয়াদের জন্য সুবিধাই হয়েছে। উন্নত লাইব্রেরি উইন্ডোজ ৮.১-এ ডিফল্টভাবে লাইব্রেরি নিষ্ক্রিয় করে রাখা আছে। তবে সহজেই সেটি চালু করা যায়। আর এতে যে বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে, তা হলো রিমুভেবল স্টোরেজ থেকেও মিডিয়া ফাইল যুক্ত করার সুবিধা। ফলে পেনড্রাইভ বা এক্সটার্নাল হার্ডডিস্কের ফাইলও লাইব্রেরিতে যুক্ত করা যাবে। এই পেনড্রাইভ বা হার্ডডিস্ককে উইন্ডোজ ৮.১ ডিভাইসে যুক্ত করে লাইব্রেরি থেকেই চালাতে পারবেন ওই ফাইল। লাইব্রেরিতে মাউসের ডানবাটন ক্লিক করে ‘প্রপার্টিজ’-এ গিয়ে ‘অ্যাড’ অপশনে ক্লিক করেই যুক্ত করা যাবে এসব রিমুভেবল ডিভাইসের ফাইল। লকস্ক্রিনে ক্যামেরা-স্কাইপ নতুন এই আপডেটে উইন্ডোজের লকস্ক্রিন থেকেই ব্যবহার করা যাবে ক্যামেরা অ্যাপ্লিকেশন। ক্যামেরা অ্যাপ্লিকেশনে গিয়ে ‘ইউজ ক্যামেরা ফ্রম দ্য লক স্ক্রিন’ অপশনটি চালু করলেই এই ফিচারটি গ্রহণ করা যাবে। ফলে যেকোনো মুহূর্তেই এখন ক্যামেরা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, স্কাইপের কল এবং ম্যাসেজের রিপ্লাইও দেওয়া যাবে লকস্ক্রিন থেকেই। উন্নত ক্যামেরা অ্যাপ উইন্ডোজের নিজস্ব ক্যামেরা অ্যাপে যুক্ত করা হয়েছে প্যানারমিক ছবি তোলার সুবিধা। সব ডিভাইসে অবশ্য ফিচারটি কাজ করবে না। তবে সমর্থিত ডিভাইসে এই অ্যাপসটি দিয়েই চারপাশের প্যানারমিক ছবি তোলা যাবে। আবার এক ক্লিকেই একসাথে কয়েকটি ছবি তুলে তা থেকে সেরা ছবিটি বাছাই করে নেওয়ার সুযোগও পাবেন নতুন এই সংস্করণে। ফটো অ্যাপস উইন্ডোজের নতুন ফটো অ্যাপসে ফ্লিকার বা ফেসবুক সংযুক্ত না থাকলেও এতে ছবি এডিটের মৌলিক কিছু ফিচার যুক্ত করা হয়েছে। ফটোশপের মতো অ্যাডভান্সড লেভেলের কাজ না করতে পারলেও ছবি ক্রপ করা, রিসাইজ করা, কালার এবং ফোকাস সমন্বয় করার কাজ অত্যন্ত সহজ এর মাধ্যমে। আর বিভিন্ন ধরনের ইফেক্টস যুক্ত করার সুবিধা তো রয়েছেই।