প্রযুক্তিবিশ্বে বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যে কেবল আধুনিকতম প্রযুক্তির সংযোজনই শেষ কথা নয়, প্রযুক্তি পণ্যের অভিনব ডিজাইনও দখল করে রেখেছে একটি গুরুত্বপূর্ণ স্থান। আর সেই স্থানটিতে অনেকের চাইতেই এগিয়ে রয়েছে টেক জায়ান্ট অ্যাপল। সেই আদ্যিকালের ম্যাক থেকে শুরু করে ম্যাকবুকের বিভিন্ন সংস্করণ, আইপড, আইফোন কিংবা আইপ্যাডের অভিনব ডিজাইনের কারণেও অ্যাপল পণ্যগুলো জনপ্রিয়তায় ছাড়িয়ে গিয়েছে সকলকে। স্টিভ জবসকে এসব অ্যাপল পণ্যের স্বপ্নদ্রষ্টা বলা হলেও এসব পণ্যের অনেকগুলোর ডিজাইনের পেছনে রয়েছে আরও একজনের হাত, যার ডিজাইনের ভক্ত ছিলেন খোদ স্টিভ জবস। তার নাম জোনাথন আইভ যিনি বর্তমানে অ্যাপল’র ডিজাইন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় সব অ্যাপল পণ্যের ডিজাইন এবং হিউম্যান ইন্টারফেস সফটওয়্যারের সকল ডিজাইনের দেখভাল তিনিই করে থাকেন। ১৯৬৭ সালের ২৭ ফেব্রুয়ারি লন্ডনে জন্ম নেওয়া জোনাথন ছোটবেলা থেকেই ডিজাইনের প্রতি দুর্বল ছিলেন। নিউক্যাসল পলিটেকনিকে পড়ালেখা শেষ করে তিনি ট্যাংগেরিন নামে একটি ডিজাইন এজেন্সি গড়ে তোলেন। ১৯৯২ সালে অ্যাপল’র তত্কালীন প্রধান ডিজাইনার রবার্ট ব্রানার তাকে অ্যাপল’র ডিজাইন বিভাগের একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। পরে সেখানেই স্থায়ী হয়ে যান। ১৯৯৭ সালে স্টিভ জবস পুনরায় অ্যাপলে ফিরে এলে তাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়। এ সময় তার উপর দায়িত্ব বর্তায় আইম্যাক ডিজাইনের। এরপর থেকে প্রতিটি অ্যাপল পণ্যেই তার ডিজাইনের ছোঁয়া লেগেছে। ডিজাইনার হিসেবে নানা ধরনের পুরস্কারও পেয়েছেন জোনাথন।
