মোহামেডানে দুই বিদেশি ফুটবলার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:১০
মোহামেডান শিবিরে ডাচ ফুটবলার এসেছেন। দু’জনই ফরোয়ার্ড পজিশনের। গতকাল খুব ভোরে ঢাকায় এসেছেন তারা। একজন ২২ বছরের ফুটবলার ডেরিপ এবং অন্যজন ২৩ বছরের ম্যালভিন। এরা মূলত নাইজেরিয়ান ফুটবলার। তবে তারা দু’জনই ডাচ পাসপোর্টধারি বলে ডাচ ফুটবলার হিসাবে ঢাকায় এসেছেন। কিন্তু এই দুই ফুটবলারকে দল নিবে কিনা তা নিশ্চিত না। কারণ মোহামেডান চাইছে ট্রায়াল নিয়ে দেখবে। যদি মনপুত হয় তাহলেই নাম নিবন্ধন করা হবে। গতকাল ঢাকায় পৌঁছে দিনভর ঘুমিয়েই কাটালেন দুই ফুটবলার। বিকালে ক্লাবের উঠানে অনুশীলন করেন। আজ সকালে মোহামেডান একটি অনুশীলন ম্যাচ খেলবে নিজেদের মধ্যে। বুয়েট মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচে এক দলে বিদেশি অন্য দলে দেশি ফুটবলার খেলবেন। ১৫ নভেম্বর দেশি ও বিদেশি ফুটবলারদের নাম রেজিষ্ট্রেশনের শেষ দিন।