রূপাহালী শাড়িজ প্রিমিয়া দাবা লিগে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান জিতেই চলেছে। গতকাল চতুর্থ রাউন্ডে মোহামেডান হারিয়েছে লিওনাইন চেস ক্লাবকে। তবে এই ম্যাচে মোহামেডানের তাজিকিস্তানের গ্র্যান্ডমাস্টার আমোনাটভের জয়ের ধারা থামিয়ে দিয়েছেন লিওনাইনের ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ। তিনি ড্র করে পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন।
পরাগ সাদা ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৪৩ চালে ড্র করেন। লিওনাইনের অন্য দাবাড়ুরা মোহামেডানকে আটকাতে পারেননি। মোহামেডানের আরেক গ্র্যান্ডমাস্টার সার্গেই ভলকভ হারিয়েছেন মনির হোসেনকে, নিয়াজ ফিদে মাস্টার জাবেদকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ হারিয়েছেন সোহেল চৌধুরিকে। আর এই জয়ে মোহামেডান আট পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থাকলো।
ছয় পয়েন্ট নিয়ে মোহামেডানের পর দ্বিতীয় স্থানে রয়েছে নৌবাহিনী দাবা দল। চতুর্থ রাউন্ডে নৌবাহিনী ৪-০ পয়েন্টে নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাবকে হারায়। নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম যথাক্রমে প্রিতম-প্রিজমের এনায়েত হোসেন, আব্দুল্লাহ আল-সাইফ, মোহাম্মদ শামীম ও সাইদুল ইসলামকে হারিয়েছে। একসেস গ্রুপ চেস ক্লাব ২-২ পয়েন্টে তিতাস ক্লাবের সাথে ড্র করে। তিতাস ক্লাব ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সৃজন চেস ক্লাব ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে হারায়। আজ বেলা আড়াইটা হতে দাবা কক্ষে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
