শান্তি আলোচনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররা্ষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব। তবে এক্ষেত্রে উভয় পক্ষকে শান্ত থাকতে হবে, উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে। কারণ সমাধানের দিকে যেতে গেলে কঠিন সিদ্ধান্তও মেনে নিতে হতে পারে। ফিলিস্তিনের সাথে ইসরাইলের শান্তি আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের পররা্ষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার ইসরাইলে পৌঁছেছেন। সেখানে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করেছেন। এর পরদিন বুধবার রামাল্লায় তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করেন।
পররা্ষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত আটবার কেরি এ অঞ্চল পরিদর্শন করেছেন। শান্তি আলোচনা বন্ধ থাকার তিন বছর পর তার চেষ্টায় দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আবারো আলোচনার টেবিলে বসছেন। মঙ্গলবারও একটি সংক্ষিপ্ত বৈঠকে বসে দুই পক্ষ যা কিনা মূলতবি রয়েছে। বুধবার দুই পক্ষের আবারো আলোচনায় বসার কথা রয়েছে।
দুই পক্ষের সমঝোতা বন্ধ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত ১৫ বার বৈঠকে বসলেও কোন সমাধান হয়নি। মঙ্গলবারের বৈঠক সম্পর্কে এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে কিছু জানায়নি কোন পক্ষই। তবে ইসরাইলের দৈনিক মা আরিব এর খবরে বলা হয়েছে, জর্ডানের সাথে ওয়েস্ট ব্যাংকের সীমানায় নিরাপত্তা নিয়ে দুই দেশ ভিন্ন ভিন্ন দাবি জানিয়েছে। এ সীমানায় ইসরাইল নিরাপত্তা রক্ষী নিয়োগের কথা বললেও ফিলিস্তিন তা নাকচ করে দিয়েছে। এছাড়া পূর্ব জেরুজালেম ও ওয়েস্ট ব্যাংকে ইসরাইলের নতুন বসতি নির্মাণের পরিকল্পনায় উদ্বেগ দেখা দিয়েছে।
