নক আউট পর্বে বায়ার্ন সিটি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৫৮
ইতিহাসে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে খেলার সৌভাগ্য অর্জন করলো ম্যানচেস্টার সিটি। গত মঙ্গলবার লিগের চলতি মৌসুমের প্রথম দল হিসেবে সিটির আগেই নক আউট পর্ব নিশ্চিত করে ফেলে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। এই জয়ের ফলে লিগে টানা আট ম্যাচে জয় তুলে নিল জার্মান দলটি। চেক প্রজাতন্ত্রের দল ভিক্টোরিয়া প্ল¬াজেনকে ১-০ গোলে হারিয়ে বায়ার্ন এবং ঘরের মাঠে সিএসকেএ মস্কোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে মানচেস্টার সিটি প্রথম দুটি দল হিসেবে শেষ ১৬তে পৌঁছে গেছে। আলভারো নেগ্রেদোর হ্যাটট্রিক এবং সার্জিও আগুয়েরোর জোড়া গোলে রাশিয়ান ক্লাব সিএসকেএ’র বিপক্ষে ঘরের মাঠে সিটি যেন একটু বেশিই নির্দয় হয়ে উঠেছিল। এই ম্যাচের দুই গোলের সুবাদে আগুয়েরো সিটির হয়ে এখন সর্বোচ্চ গোলের মালিক বনে গেলেন। শেষ ছয় ম্যাচে এই আর্জেন্টাইন তারকা নয়টি গোল করেছেন। সিটি গত শনিবার প্রিমিয়ার লিগের খেলায় নরউইচকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। তাই ইতিহাদ স্টেডিয়ামের এই খেলায় দলে কোনো পরিবর্তন আনেননি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। খেলার তিন মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন আগুয়েরো। এর আঠারো মিনিট পর সামির নাসরির বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন। এদিন নেগ্রেদোর হ্যাটট্রিকের পথে প্রথম গোলেও অবদান আছে আগুয়েরোর। ৩০ মিনিটে আগুয়েরোর বাড়ানো বলেই নিজের প্রথম গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। এরপর ৫১ মিনিটে নাসরির বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সেইডৌ দুম্বিয়া একটি গোল পরিশোধ করেন। এরপর আইভোরি কোস্টের এই স্ট্রাইকার ৭১ মিনিটে পেনাল্টি থেকে আরো একটি গোল করেন। আগেই দুই গোল পাওয়া নেগ্রেডো অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচ শেষে পেলেগ্রিনি বলেছেন, ‘এটা শুধুমাত্র প্রাথমিক পর্যায়। কিন্তু অবশ্যই নক আউট পর্বে যাওয়াটা গুরুত্বপূর্ণ। এর আগে কখনই সিটি সেখানে যেতে পারেনি। এখন আমরা সেটা করে দেখিয়েছি।’ প্লাজেনের মাঠে বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন মারিও মানজুকিচ। ম্যাচ শেষে উচ্ছ্বসিত বায়ার্ন অধিনায়ক টনি ক্রুস বলেন, ‘আমরা এখনই কোন উত্সব করতে চাই না। এই জয় আমাদের জীবনকে আরো বেশি কঠিন করে তুললো। তবে অবশ্যই নক আউট পর্বে যেতে পেরে আমরা গর্বিত।’ প্ল¬াজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা আট ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলো বায়ার্ন। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ-ডি থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বায়ার্ন। আর সমসংখ্যক ম্যাচে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৯ পয়েন্ট। অপর দিকে ‘এ’ গ্রুপের খেলায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ডাচম্যান রবিন ফন পার্সি পেনাল্টির সুযোগ নষ্ট করায় সোসিয়েদাদের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট সিটির নগর প্রতিদ্বন্দ্বীরা। ৬৩ মিনিটে মাঠে অনেকটা নিষ্প্রভ ওয়েইন রুনির পরিবর্তে কোচ ডেভিড ময়েস ফন পার্সিকে মাঠে নামিয়েছিলেন। কিন্তু ম্যাচ শেষের ২০ মিনিট আগে তার স্পট কিক স্বাগতিক গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো বামদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। এরপর অতিরিক্ত সময়ে মারোনে ফেলাইনি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয়েছিল ম্যান ইউ। গ্রুপ-এ’র অপর ম্যাচে শাকতার ডোনেটাস্ক জার্মান ক্লাব বায়ার লিভারকুসেনের সাথে গোলশূন্য ড্র করার ফলে ইউনাইটেড চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটি বজায় রেখেছে। এক পয়েন্ট কম নিয়ে লিভারকুসেন রয়েছে দ্বিতীয় স্থানে। ম্যাচ শেষে ময়েস বলেছেন, ‘এই মুহূর্তে আমরা বেশ ভাল অবস্থানেই আছি। যে কোন দলই গ্রুপের শীর্ষে থাকতে চায়। আর আমরা সেখানেই আছি। যদিও আজকের ম্যাচে তিন পয়েন্ট অর্জন করতে না পারাটা সত্যিই হতাশাজনক। জিততে পারলেই আমরা বেশ ভালভাবেই শেষ ১৬তে চলে যেতাম। কিন্তু তারপরও আমরা ভাল অবস্থানেই আছি।’