জুভেন্টাসকে হারাতে পারলেই শেষ ষোল নিশ্চিত হয়ে যেত রিয়াল মাদ্রিদের। কিন্তু ২-২ গোলে ড্র করায় নক আউট পর্বে খেলা নিশ্চিত করার জন্য আরো অপেক্ষা করতে হবে কোচ কার্লো আনচেলত্তির দলটির। তবে জুভেন্টাসের মাঠে শেষ পাঁচবারই প্রতিপক্ষের বিপক্ষে পরাজিত হয়েছে রিয়াল। অপর খেলায় নিজের মাঠে আন্ডারলেক্টের সাথে ১-১ গোলে ড্র করায় শেষ ষোল’র জন্য পরের খেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র।
গ্রুপ পর্বের পরের দুটি খেলায় রিয়াল ঘরের মাঠে গ্যালাতাসারে এবং এফসি কোপেনহেগেনের মাঠে প্রতিপক্ষের মুখোমুখি হবে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা রিয়ালের জন্য শেষ ১৬তে যাওয়া এখন সময়ের ব্যাপার। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে চতুর্থ স্থানে। তবে ঘরের মাঠে কোপেনহেগেন গ্যালাতাসারেকে ১-০ ব্যবধানে পরাজিত করায় কোচ এন্তোনিও কন্তের দলটির সামনে এখনো নক আউট পর্বের দরজা খোলা রয়েছে। গ্যালাতাসারে এবং কোপেনহেগেনের তুলনায় তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।
তবে এখন পর্যন্ত চলতি মৌসুমে একটিও জয়ের দেখা পায়নি জুভরা। তারপরও রিয়ালের বিপক্ষে খেলোয়াড়দের নৈপুণ্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন জুভেন্টাস কোচ। আশাবাদী কন্তে বলেছেন, ‘এটা সত্যিই ইতিবাচক ফলাফল। এর মাধ্যমে প্রমাণ হয়েছে রিয়ালের মত দলের বিপক্ষে আমার ছেলেরা নিজেদের কতটুকু উজাড় করে দিয়েছে। আমরা আজ দারুণ গোছানোভাবে খেলেছি। দলের প্রস্তুতিও বেশ ভাল ছিল। মাঠে নিজেদের প্রমাণে তারা সব কিছু করেছে। আমরা ড্র করেছি, কিন্তু আজকের ম্যাচটি আমরা জিততেও পারতাম।’ গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল জুভরা।
ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো থাকলেও ৪২ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে দলকে প্রথম এগিয়ে দেন আরতুরো ভিদাল। ফ্রেঞ্চম্যান রাফায়েল ভারানে জাতীয় দলের সতীর্থ পল পোগবাকে গোল এরিয়ার মধ্যে ফাউল করলে রেফারী পেনাল্টির নির্দেশ দেন। তবে বিরতির পরে সাত মিনিটের মধ্যেই করিম বেনজামার বাড়ানো বলে খেলায় সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর ৬০ মিনিটে ‘হানড্রেড মিলিয়ন ম্যান’ গ্যারেথ বেল দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু ৬৫ মিনিটে মার্টিন ক্যাসিরাসের কার্লিং ক্রস থেকে হেডের সাহায্যে স্বাগতিকদের আনন্দে ভাসান লোরেন্তে।
আনচেলত্তি তার দলের রক্ষণভাগের সামপ্রতিক ব্যর্থতার বিষয়টিকে সামনে নিয়ে আসলেও বিরতির পরে দলের পারফরমেন্সের উন্নতির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ম্যাচে সময় যত গড়িয়েছে আমরা ততই ভাল খেলেছি। কিন্তু এখনো দলের সঠিক ভারসাম্য বজায় রাখতে আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে।’
ঘরের মাঠে আন্ডারলেক্টের সঙ্গে ড্র করায় দুই ম্যাচ বাকি শেষ ষোল নিশ্চিত করা হলো না পিএসজি’র। লিগে আগের ম্যাচে আন্ডারলেক্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করা পিএসজি শুরুতেই এগিয়ে যেতে পারতো। কিন্তু মার্কো ভেরাত্তির ক্রসে আর্জেন্টাইন মিডফিল্ডার ইজিকুয়েল লাভেজ্জির হেড বারের ওপর দিয়ে চলে গেলে বেঁচে যায় অতিথিরা। তবে ৬৮ মিনিটে ডেমি ডি জিওয়ের গোলে এগিয়ে যায় আন্ডারলেক্ট।
এরপর সমতা ফেরাতে অবশ্য দুই মিনিটের বেশি সময় নেয়নি ফরাসি জায়ান্টরা। জ্লাতান ইব্রাহিমোভিচের জোরালো শট থেকে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে বারে লেগে ফিরে এলেও ফিরতি শটে ঠিকই গোল করেন তিনি। ‘সি’ গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষদল পিএসজি। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অলিম্পিয়াকোস। তিনে থাকা বেনফিকার পয়েন্ট চার।
