গত কয়েকদিন ধরে ব্যাংকিং খাতের লেনদেনের উপর ভর করে শেয়ারবাজারের লেনদেন ও সূচক বাড়ছে। গতকালও সে ধারাবাহিকতা বজায় ছিল। গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকিং খাতে লেনদেন হয়েছে ১১২ কোটি ৭৩ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৪ ভাগ। এরপরই রয়েছে অব্যাংক আর্থিক খাতের অবদান। এদিকে ব্যাংকিং খাতে লেনদেন বাড়ায় টানা চতুর্থদিনের মতো শেয়ারবাজারের সূচকও বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৮২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৮৩ কোটি ৭০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।
এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে অ্যাপোলো ইস্পাতের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ড্র অনুষ্ঠিত হয়। অ্যাপোলো ইস্পাতের আইপিওতে মোট ২ দশমিক ২৭ গুণ আবেদন জমা পড়ে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২ দশমিক ৯ গুণ, ক্ষতিগ্রস্ত সবাই এক লট করে পেয়েছে, তবে মাল্টিপল অ্যাপ্লাইয়ারদের (২.২ গুণ) মধ্যে লটারি হয়েছে, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে দেড় গুণ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৩ গুণ আবেদন জমা পড়েছে।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ও শমরিতা হাসপাতালের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং শমরিতা হসপিটাল শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ড খাতের এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিট হোল্ডারদের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২৫টি ইউনিটের বিপরীতে ১টি বোনাস ইউনিট ঘোষণা করেছে। অর্থাত্ ইউনিট হোল্ডাররা ২৫টি ইউনিটের বিপরীতে ১টি নতুন ইউনিট পাবেন।
