ঢাকা ছেড়ে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি ম্যাচ খেলে গত বুধবার রাতেই দেশ ছেড়ে গিয়েছে নিউজিল্যান্ডের তিনজন ক্রিকেটার। আর বাকি যারা দেশে ছিল তারা চলে গেছেন আজ। শ্রীলঙ্কা সফরে থাকা দলের সদস্যরা সরাসরি গেছেন শ্রীলঙ্কায়। আর বাকিরা দেশে ফিরে গেছেন।
কাইল মিলসের নেতৃত্বে আগামী ১০ নভেম্বর হাম্বানটোটায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জিতলেও ওয়ানডে সিরিজ হারের পর নিউজিল্যান্ড জুড়েই উঠেছে তোলপাড়। এর মধ্যেই নিউজিল্যান্ড দলের পারফরম্যান্সের সমালোচনা করলেন বাংলাদেশের সাবেক কোচ ও বর্তমানে ওয়েলিংটন দলের দায়িত্বে থাকা জেমি সিডন্স, ‘নিউজিল্যান্ড দলের কোচিংয়ে অনেক সমস্যা আছে। ২০১০ সালে বাংলাদেশের কাছে যে দলটা হেরেছিল তাদের সাথে এদের খুব বেশি একটা পার্থক্য নেই। তিন বছরে আমি এদের মধ্যে কোন উন্নতিই দেখতে পাচ্ছি না।’
উল্লেখ্য, ২০১০ সালে এই জেমি সিডন্সের অধীনেই নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ।
