রাফায়েল নাদাল মাত্র কয়েক দিন আগেও বলেছিলেন, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নয় বরং শিরোপাগুলোই তাকে আরো বেশি করে জেতার পেছনে অনুপ্রেরণা যোগায়। তবে স্তানিস্লাস ওয়াওরিঙ্কার বিরুদ্ধে গত বুধবারের জয়ে এক নম্বরে থেকেই বছর শেষ করার বিষয়টি নিশ্চিত হয়ে যাবার পর নাদালের উদযাপন ভিন্ন কথাই বললো। দুই ঘণ্টার লড়াই শেষে প্রতিপক্ষকে ৭-৬, ৭-৬ গেমে হারানোর পর নাদাল নিজেও স্বীকার করলেন তার সন্তুষ্টির কথা।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলমান লন্ডনে বছরের শেষ এটিপি টুর্নামেন্টে নিজের দ্বিতীয় জয়ের পর নাদাল বলেন, ‘তিন মৌসুম পরে আবার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা। কোন সন্দেহ নেই পুরো ক্যারিয়ার জুড়ে আমার অর্জনগুলোর মধ্যে এটা (আবার শীর্ষে থেকে বছর শেষ করতে পারা) অন্যতম সেরা। আমরা যে খেলায় আছি সেখানে এটা খুবই কঠিন। তাছাড়া আমার ইনজুরির বিষয়টিও গুরুত্বপূর্ণ।’
গত বছর মৌসুমের এই সময়টা মায়োরকায় নিজের ঘরে বসে সতীর্থদের খেলা টিভিতে দেখেই কাটাতে হয়েছিল হাঁটুর চোটে আক্রান্ত নাদালকে। এক সময় মনে হচ্ছিল- ক্যারিয়ারটাই বুঝি শেষ হতে চলেছে এই সাতাশ বছর বয়সীর। তবে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে চোট এবং প্রতিপক্ষ সবাইকে পেছনে ফেলে চলতি বছরের সবচেয়ে সফল খেলোয়াড় নাদালই। ইনজুরি থেকে ফিরে এই মৌসুমে দুইটি গ্র্যান্ড স্ল্যামসহ দশটি শিরোপা জেতা এই বাঁহাতি পুরো বছর জুড়ে বারবারই বলেছেন পেছনের সেই কঠিন সময়ের কথা। রোলা গ্যারোর রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন এদিন পুরনো স্মৃতি রোমন্থন করে আবেগপ্রবণ হলেন আরেকবার, ‘খুব খারাপ ধরনের ইনজুরির শিকার হয়েছিলাম আমি। আমি তখন অনুশীলনই করতে পারছিলাম না, আবার কোর্টে ফিরতে পারবো কিনা সেটা তো চিন্তা করাটাও ছিল দুরূহ। আর এই মুহূর্তেও আমি কেবল আগামী ম্যাচ নিয়েই ভাবছি। আমার হাঁটু কেমন বোধ করছে সেটার উপরই নির্ভর করবে আগামী সপ্তাহ কিংবা মাসে আমার পরিকল্পনা কি হবে।’
এই ম্যাচে জিততে পারলে এক নম্বর জায়গাটি নিশ্চিত হওয়ার পাশাপাশি মিলবে বিশাল অঙ্কের বোনাস অর্থও। এরকম এক মানসিক চাপ নিয়ে খেলতে নামা নাদালের কাছ থেকে বাড়তি কোন সুবিধা আদায় করতে পারেননি ওয়াওরিঙ্কা। ফলে এই নিয়ে ১২ বার এই সুইস নাদালের বিপরীতে কোর্টে নেমে জিততে পারলেন না একটি সেটও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই আক্ষেপই ঝরলো ওয়াওরিঙ্কার কণ্ঠে। পাশাপাশি কোর্টে নাদালের কোচ টনি নাদালের আচরণেরও সমালোচনা করেছেন তিনি, ‘আমি জানি এটাই স্বাভাবিক। কোচেরা কোর্টে কথা বলবেনই। তবে যখন সেটা বেশি হয়ে যায়, তখন সেটা সহ্য করা কষ্টকর হয়ে পড়ে। প্রতিটি পয়েন্টের আগেই সে রাফাকে পরামর্শ দিতে চাচ্ছিল।’
এদিকে টুর্নামেন্টের গতকালের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের ডেভিড ফেরারকে।
