যে কোনো পরীক্ষার আগে পরীক্ষা ভীতি একটা স্বাভাবিক ব্যাপার। বড় ছোট সবার ক্ষেত্রেই এই সমস্যাটা হয়ে থাকে। পরীক্ষার আগে পরীক্ষার্থীর মনে নানা ধরণের প্রশ্ন উদয় হয় যেমন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে, কমন পড়বে কি না ইত্যাদি। মনোবিজ্ঞানীরা মনে করেন পরীক্ষার আগে এটাই হওয়াই স্বাভাবিক। তবে এনিয়ে অতিরিক্ত চিন্তা করে অনেক পরীক্ষার্থী মানসিক বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এ বিষয়টি পরীক্ষার ফলাফলেও খারাপ প্রভাব ফেলতে পারে। তাই বাচ্চাকে পরীক্ষার আগ মুহূর্তে কোনো ধরণের চাপে ফেলা যাবে না। আভিভাবকরা সবসময় সন্তানদের প্রতি অতিরিক্ত খেয়াল রাখতে হবে।
ভড়কে যাওয়ার কিছু নেই
অনেক সময় দেখা যায়, পরীক্ষার্থীর প্রস্তুতি খুব ভালো, মোটামুটি কোর্স কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রিভিশন দেয়ার সময় দেখা গেল কোনো কিছুই মনে নেই। ভড়কে যাওয়ার কিছু নেই, যদি আসলেই তাই ঘটে। আবার নতুন করে প্রথম থেকে পড়া শুরু করাও যে গুরুত্বপূর্ণ তাও নয়। শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে একবার চোখ বুলাও। পরীক্ষার হলে লেখার সময় দেখবে কোনো সমস্যাই হচ্ছে না।
প্রশ্ন কমন পড়েনি
পরীক্ষার হলে যদি দেখ প্রশ্ন কমন পড়েনি অথবা উত্তরটা সম্পূর্ণভাবে তুমি জান না, তাহলে ভয়ে পরীক্ষাটাই আবার নষ্ট করে ফেলো না। পরীক্ষার প্রশ্নপত্রটি ভালো করে আরেকবার পড়। এবার নিজে একটু চিন্তা করো উত্তরটা কী হলে তা সঠিক হবে, তাড়াহুড়ো করো না। নিজেকে কিছুটা সময় দাও। এবার উত্তর লেখা শুরু করো।
