শাহরুখ খানের পরিকল্পনা ছিল ইডেন গার্ডেনে এসে শচিনের ১৯৯তম টেস্টের দ্বিতীয় ইনিংস মাঠে বসে দেখবেন। কিন্তু গতকাল শুক্রবার তৃতীয় দিনের মধ্যেই শেষ হয়ে যায় খেলাটি। তাতে শচিনও দ্বিতীয় ইনিংস খেলা থেকে বঞ্চিত হলেন।
শচিন টেন্ডুলকারের একনিষ্ঠ ভক্ত বলিউড তারকা শাহরুখ খানের আর কলকাতায় এসে ভারতের কিংবদন্তী ব্যাটসম্যানটির খেলা দেখা হলো না। শাহরুখ খানের পরিকল্পনা ছিল ইডেন গার্ডেনে এসে শচিনের ১৯৯তম টেস্টের দ্বিতীয় ইনিংস মাঠে বসে দেখবেন। কিন্তু গতকাল শুক্রবার তৃতীয় দিনের মধ্যেই শেষ হয়ে যায় খেলাটি। তাতে শচিনও দ্বিতীয় ইনিংস খেলা থেকে বঞ্চিত হলেন।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানের প্রবেশ নিষিদ্ধ। তাই তিনি শচিনের কলকাতা ম্যাচে উপস্থিত থাকার কথা ভেবেছিলেন। বলিউড তারকাটি এ ব্যাপারে বলেছিলেন, ‘আমি ১০ নভেম্বর যাব। আমি কলকাতায় একটি চলচ্চিত্র উত্সবে যোগ দিতে যাচ্ছি এবং টেস্ট ম্যাচে উপস্থিত থাকার চেষ্টা করব। আমি পৌঁছাতে পারলে সেখানে যাব এবং তাকে শুভেচ্ছা জানাব।’
শাহরুখ আরো বলেছিলেন, ‘এমন কিছু জায়গা আছে (ওয়াংখেড়ে স্টেডিয়াম) যেখানে তারা শাহরুখ খানকেও প্রবেশ করতে দেবে না। ভালবেসে আপনারা আমার জন্য তিন ঘণ্টা অপেক্ষা করতে পারেন, কিন্তু সেখানে কিছু মানুষ আছে যারা আমাকে চায় না।’ শচিনের অবসরের ঘোষণায় ইতিপূর্বে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন শাহরুখ। কিং খান হিসাবে পরিচিত এ অভিনেতা বলেন, ‘এ খবর শোনার সময় আমি অস্ট্রেলিয়ায় ছিলাম.... কিছুটা দেরিতে আমি এ ঘোষণা শুনেছি... আমার খুব খারাপ লেগেছে।’ যেহেতু ক্রিকেট সম্পর্কে তিনি ভাল বোঝেন তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটের জন্য তিনি অনেক কিছু করেছেন। তার বিশ্রাম, রিলাক্স এবং পরিবারের সঙ্গ উপভোগ করা দরকার। -বাসস
