স্পেন জাতীয় দলে কস্তা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:৪৪
অবশেষে স্পেন জাতীয় ফুটবল দলে ডাক পেলেন ব্রাজিলে জন্মগ্রহণ করা দিয়েগো কস্তা। পঞ্চম ব্রাজিলীয় হিসেবে কস্তা স্পেনের জাতীয় দলে খেলার সুযোগ পেলেন। এই মাসে দক্ষিণ আফ্রিকা এবং গিনির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। ওই দুটি ম্যাচের দল ঘোষণা করে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক কস্তার খেলার খবর নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার স্পেন কোচ একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘সে স্পেনের জাতীয় দলে খেলার জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং দারুণ ফর্মে আছে। তার স্পেন দলে থাকা নিয়ে কোনো সংশয় নেই।’ এর আগে গত সপ্তাহে ব্রাজিলের কোচ লুইজ ফিলিপ্পে স্কলারি ব্রাজিল জাতীয় দলে কস্তার নাম রাখেননি। এই ২৫ বছর বয়সীর স্বদেশী এর আগে হেরাল্ডো বেকেরা, কাতানহা, দোনাতো এবং মার্কোস সেন্না স্পেনের হয়ে খেলেছেন। এর আগে ব্রাজিলের জাতীয় দলের হয়েও খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। চলতি মৌসুমে লা লিগার ১২ ম্যাচে ১৩টি গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা কস্তা। তাই তাকে দলে ভেড়ানোর আগ্রহ ছিল স্পেন। অপর দিকে ব্রাজিলও তাকে ছাড়তে চাইছিল না। অবশেষে গত মাসে কস্তা নিজেই একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে স্পেনের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা বিগত পাঁচ বছর ধরে স্পেনে বসবাস করছেন এবং স্পেন এবং ব্রাজিল- দুই দেশের পাসপোর্ট ধারী। দেল বস্ক মনে করেন তার দলে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না কস্তার, ‘আমার মনে হয় না আমাদের খেলার সিস্টেমের সাথে মানিয়ে নিতে কারো সমস্যা হবে। আশা করি দলের সব খেলোয়াড়ের মতো সেও কোনো সমস্যা ছাড়াই মানিয়ে নিতে পারবো।’ পাঁচ মাস পর দলে ডাক পেয়েছেন জাভি আলোনসো।