মোহামেডানের জয়ে এজাজ-রহমতের ঝলক

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:৫৫
একদিন আগেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স নিশ্চিত করে ফেলা মোহামেডানের জন্য আজকের ম্যাচটিতে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেয়া ছাড়া আলাদা কোন লক্ষ্য ছিল না। কিন্তু, প্রায় অগুরুত্বপূর্ণ ম্যাচটিও ব্যাটে বলে জ্বলে উঠলেন দুই খেলোয়াড়। ব্যাট হাতে এজাজ আহমেদের ১০৯ রানের পর আফগান তারকা রহমত শাহ’র বল হাতে পাঁচ উইকেট। এই দুজনের দাপটেই কলাবাগান ক্রীড়া চক্রকে ৪০ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী দলটি। সাকিব আল হাসানের অবর্তমানে দলের অধিনায়কত্ব করা নাঈম ইসলাম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওভারে মাত্র চার রানের দুই ইনফর্ম ব্যাটসম্যান ওপেনার রাজিন সালেহ (১) ও শামসুর রহমান শুভকে (০) হারিয়ে বিপাকে পড়ে মোহামেডান। সেই অবস্থায় হাবিবুর রহমানের সাথে ব্যাটিংয়ের হাল ধরেন ওপেনার এজাজ। ১৬৫ রানের বিশাল এক জুটি গড়ার পর ৬৫ রান করে সাজঘরে ফিরে আসেন হাবিবুর রহমান। ১২০ বলে ১০৯ রান করে এজাজ যখন আউট হয়ে যান দলের স্কোর তখন চার উইকেটে ২০৬। ১৫৮ মিনিটের ইনিংসে ছয়টি ছক্কা ছাড়াও ছিল পাঁচটি চার। শেষের দিকে আফগান তারকা রহমত শাহ মুক্তার আলীর ঝড়ো ব্যাটিংয়ে ৩০০ ছাড়িয়ে যায় মোহামেডানের স্কোর। রহমত ২৬ বলে তিনটি চার ও দুটি ছক্কায় করে ৪২ রান। আর মুক্তার আলী ১৭ বলে করেন ২৬ রান। তার ইনিংসে ছিল পাঁচটি চারের মার। এছাড়া উইকেট রক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ করেন ৩০ রান। নির্ধারিত ৫০ ওভার শেষ হবার এক বল আগে অল আউট হওয়ার আগে মোহামেডান করে ৩০৫ রান। কলাবাগানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লঙ্কান বোলার জিহান মোবারক। এছাড়া শাহাদাত হোসেন ও রকিবুল হাসান দুটি করে উইকেট নেন। জবাবে স্বাচ্ছন্দ্যময় সূচনাই করেছিল কলাবাগান ক্রীড়াচক্র। উদ্বোধনী জুটিতে দলকে ৫৪ রান এনে দেন মিঠুন আলী (৪১) ও উসমান আফজাল (১৭)। ইনিংসের ১২ ও ১৩তম ওভারে এই দুই ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গেলে ব্যাকফুটে চলে আসে কলাবাগান। তবে, এরপর অধিনায়ক নাইম ইসলাম ও বিলাল শাফায়াতের জুটিতে জয়ের স্বপ্ন বেঁচে ছিল কলাবাগানের। ৪৩ রান করে বিলাল আউট হয়ে গেলে ৯৩ রানের জুটি ভাঙে। নাঈম ইসলাম যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ জয়ের আশা ছিল কলাবাগানের। কিন্ত ৮৪ বলে ছয়টি চারে ৮৩ রান করে আউট হয়ে যান যখন দলীয় স্কোর তখন ছয় উইকেটে ২৩০। এরপরে আর কোন ব্যাটসম্যানই বলার মতো কোন রান করতে পারেননি। শেষ ওভারে অল আউট হবার আগে ২৬৫ রান করে কলাবাগান ক্রীড়াচক্র। ব্যাটিংয়ের পর লেগ ব্রেক বোলিংয়েও পাঁচ উইকেট নিয়েছেন রহমত শাহ। এছাড়া দেলওয়ার হোসেন নেন দুটি উইকেট। আগেই সুপার সিক্স নিশ্চিত হয়ে যাওয়া মোহামেডান এখন ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। মোহামেডান ছাড়াও সুপার সিক্স নিশ্চিত করা অপর দলগুলো হল গাজী ট্যাংক ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। আজ শুরু হতে যাচ্ছে একাদশ রাউন্ডের লড়াই। একই দিনে আজ অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। মিরপুরের হোম অব ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার স্পোর্টিং ক্লাব লড়বে গাজী ট্যাংক ক্রিকেটার্সের বিপক্ষে। অপর তিনটি ম্যাচে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব - খেলাঘর, শেখ জামাল ধানমন্ডি ক্লাব - ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী - কলাবাগান ক্রীড়াচক্র। আজকের খেলা ভিক্টোরিয়া - গাজী ট্যাংক (মিরপুর) প্রাইম ব্যাংক - খেলাঘর (ফতুল্লা) শেখ জামাল - ব্রাদার্স (বিকেএসপি-২) আবাহনী - কলাবাগান ক্রীড়াচক্র (বিকেএসপি-৩)