নতুন উদ্যোক্তাদের জন্য ঢাকা চেম্বারের “হ্যান্ড বুক” প্রকাশ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ১৯:৫৮
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ২০০০ নতুন উদ্যোক্তা তৈরীর কর্মসূচীর অংশ হিসেবে উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে “হ্যান্ড বুক অফ এন্টরপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট” নামক একটি গ্রন্থ প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গত ০৬ নভেম্বর, “এন্টরপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপো”-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এফসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ এবং অ্যামচেম-এর সভাপতি আফতাব-উল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। নতুন উদ্যোক্তাদের যথাযথ গাইডলাইন ও তথ্য প্রদানের মাধ্যমে অনুপ্রেরণা প্রদান করা এ প্রকাশনার মূল উদ্দেশ্য। এ গ্রন্থের মাধ্যমে দেশের তরুণ সমাজ কিভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করার পাশাপাশি আর্থিক সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে দিক-নির্দেশনা পাবে। এ গ্রন্থের মূল প্রতিপাদ্য হলো “আমরা চাকরি খুঁজবো না, চাকরি দেব”। এছাড়াও এ গ্রন্থে ৩৭টি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদান প্রক্রিয়া ও সার্ভিসসহ এসএমই প্রডাক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি