চলতি মৌসুমে বড় দল গড়লেও শেষ পর্যন্ত কপাল পুড়লো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জিতলেই সুপার সিক্স নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু গতকাল বিকেএসপি’র দুই নম্বর মাঠে অনুষ্ঠিত খেলাটিতে ছয় উইকেটে হেরে তাদের পরিবর্তে সুপার সিক্সে নাম লেখালো ব্রাদার্স। এদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমীও সুপার সিক্স নিশ্চিত করে।
প্রাইম ব্যাংক এদিন ৫৯ রানে খেলাঘরকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়। দিনের অপর খেলায় গাজী ট্যাংকের কাছে ১১৪ রানে হেরে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব সুপার সিক্সের আগেই শিরোপা লড়াই থেকে বাদ পড়লো। আবাহনী ছয় উইকেটে কলাবাগান ক্রীড়াচক্রকে হারালেও তা কোন কাজে আসেনি। মোহামেডান, গাজি ট্যাংক ও প্রাইম দোলেশ্বর আগেই সুপার সিক্স নিশ্চিত করে রেখেছিল।
ব্রাদার্সের
কাগজে কলমে শক্তিশালী দল গড়লেও শেষ পর্যন্ত খুব বেশি দূর যেতে পারলো না শেখ জামাল। শক্তিশালী এই দলটিকে গতকাল বিকেএসপিতে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে ব্রাদার্স। এই হারে চলতি মৌসুমের জন্য প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলো শেখ জামালের।
শেখ জামাল টসে জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে মাত্র ১৫০ রান করে । সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার জুনায়েদ সিদ্দিক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন আট নম্বর ব্যাটসম্যান তানভীর হায়দার। ব্রাদার্সের পক্ষে অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ২৯ রানে তিন উইকেট নেন। তবে ১০ ওভারে মাত্র ১৪ রানে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অফ ব্রেক সানজামুল ইসলাম।
ব্রাদার্স জবাবে ৩৬.১ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সর্বোচ্চ ৪৪ রান করেন নাফীস ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে মেহরাব হোসেন জুনিয়রের ব্যাট থেকে। ১০ খেলায় পঞ্চম জয় পাওয়া ব্রাদার্সের পয়েন্ট এখন ১১। অন্যদিকে সমান খেলায় পঞ্চম হার দেখা শেখ জামালের পয়েন্ট ১০।
চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার বিদায়
গত আসরের রানার্সআপ গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে বিদায় নিল শিরোপাধারী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৫১ রান করে গাজী ট্যাংক। সর্বোচ্চ ৫৪ রান নিউজিল্যান্ডের তারাকা জ্যাকব ওরামের। ম্যাচ সেরা এই অলরাউন্ডারের ২১ বলের ঝড়ো ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে ইমরুল কায়েস ও রকিবুল হাসানের ব্যাট থেকে।
ভিক্টোরিয়ার পক্ষে শ্রীলঙ্কান শালিকা করুনানায়েকে ৫৫ রানে তিন উইকেট নেন। জবাবে ৪১ ওভারে মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।
মোহাম্মদ শরীফ ছাড়া আর কেউ ভালো ব্যাটিং করতে না পারায় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি ভিক্টোরিয়া। ৭৩ বলে সাতটি চার ও এক ছক্কার সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন শরীফ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান যুবায়ের আহমেদের।
গাজী ট্যাঙ্কের সেরা বোলার আরাফাত সানি ১৩ রানে চার উইকেট তুলে নেন । ১৯ রানে তিন উইকেট নেন আশহার জাইদি।
গতবারের ফাইনালিস্ট গাজী ট্যাঙ্ক ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো। সমান খেলায় পঞ্চম হারে নয় পয়েন্ট নিয়ে আট নম্বরে থেকে লিগ শেষ করলো ভিক্টোরিয়া।
প্রাইম ব্যাংকের সুপার সিক্স নিশ্চিত
তাইবুর পারভেজের ম্যাচ সেরা ৬৪ রানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এদিন খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫৯ রানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২২৫ রান করে প্রাইম ব্যাংক। এছাড়া সৈকত আলী ১৯, অধিনায়ক ব্রেন্ডন টেইলর ২৮ ও লিয়াম ডসন ২৬ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।
খেলাঘরের পক্ষে ফোরকান, হাসান রেজা ও রাজিবুল ইসলাম দুটি করে উইকেট নেন।
জবাবে ৪৩.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। সর্বোচ্চ ৫১ রান শুভাগত হোম চৌধুরীর। এছাড়া আরিফুল হক ৩৬ ও গাজী সালাউদ্দিন ৩৫ রান করেন।
রবি বোপারা ৪০ রানে তিন উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার হন। ১০ খেলায় ষষ্ঠ জয়ে প্রাইম ব্যাংকের পয়েন্ট দাঁড়ালো ১২। অন্যদিকে সমান খেলায় এটি খেলাঘরের নবম হার। রেলিগেশন ম্যাচে নবাগত দলটির প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্র।
আবাহনীর জয়
সুপার সিক্সে না উঠতে পারলেও গতকাল জয় পেয়েছে আবাহনী। ঘরোয়া ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী দলটি গতকাল বিকেএসপি’র তিন নম্বর মাঠে ছয় উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে।
টস জয়ী আবাহনী প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আট উইকেটে ২৪০ রান করে । ফর্মে থাকা ব্যাটসম্যান নাঈম ইসলাম সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া তাসামুল হক করেন ৫০ রান।
দুটি করে উইকেট নেন শাহাজাদা হোসেন, নাবিল সামাদ ও আল আমিন (২)। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে মাত্র চারটি উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ইংলিশ ওপেনার জর্জি স্মিথ সর্বোচ্চ ৮৯ রান করেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ৫৩ রানে অপরাজিত থাকেন। কলাবাগানের হয়ে তিনটি উইকেট নেন আঞ্জুম আহমেদ।
আজকের খেলা
প্রাইম দোলেশ্বর - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (সকাল ৯:০০)
