আর্সেনাল সাত বছরের মধ্যে প্রথম জয়ের আশায় আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ওল্ড ট্রাফোর্ডে শিরোপাধারী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে। এছাড়া প্রিমিয়ার লিগের অপর খেলাগুলোয় এদিন টটেনহ্যাম হটস্পার আতিথ্য দিবে নিউক্যাসল ইউনাইটেডকে, সান্ডারল্যান্ডের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি। কোচ আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল নিজেদের মাঠে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে পাঁচ পয়েন্টের ব্যবধান গড়ে নেয়। তারপরও বিপক্ষের মাঠে এ লড়াইটি তাদের শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে অতীত রেকর্ড বিবেচনায়। ২০০৬ সালে সেপ্টেম্বরের পর আর্সেনাল ম্যান ইউ’র মাঠ থেকে জয় নিয়ে আসতে পারেনি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে নয়টি খেলায় এ চিত্র বিরাজ করছে।
এছাড়াও দলদুটি যখন মাঠের যুদ্ধে মাতবে সে সময় স্বাগতিক ম্যান ইউনাইটেডের ডাগ আউটে থাকবেন না অ্যালেক্স ফার্গুসন। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার তার কোচিং জীবনের ১৭ বছরে আজই প্রথম প্রতিপক্ষ হিসেবে ফার্গুসনের জায়গায় অন্য কাউকে পাবেন। গত শুক্রবার একটি সংবাদ সম্মেলনে ওয়েঙ্গার বলেন, ‘এটা অদ্ভূত একটি ব্যাপার হবে।’ দু’জনের আগের সেই বৈরিতাও এখন দেখা যাবে না। ওয়েঙ্গার বলেন, ‘এখন তার সাথে সাক্ষাত্ হবে অনেক শান্তিপূর্ণ।’
এখন ফার্গুসনের জায়গায় এসেছেন ডেভিড ময়েস। এর মাঝে আর্সেনাল দুর্দান্ত একটি দলে পরিণত হয়েছে। লিগের ১০ খেলায় মাত্র একটিতে পরাজয়ের শিকার হয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানার্সরা। ২০০৮ সালের ফেব্রুয়ারির পর এটাই গানার্সদের সেরা সূচনা। আর ইউনাইটেড সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে অষ্টম অবস্থানে। ওয়েঙ্গার অতীতের রেকর্ড না দেখে সামনের খেলার দিকেই গুরুত্ব দিয়ে বলেন, ‘আগে আমরা কিছুই জয় করতে পারিনি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা ভবিষতে কি অর্জন করতে পারবো।’
সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতবারের ফাইনালিস্ট বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসেরও তুঙ্গে আছে গানার্সরা। দলটির ফরাসী কোচের কথাতেও সেই সুর, ‘আমরা আত্মবিশ্বাসী। কিন্তু আমাদের লক্ষ্য হলো জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। আমরা শেষ দুটি ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবো। এটি আমাদের দলের ভবিষতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামনে করার মতো অনেক কিছুই আছে।’ ইনজুরি সেরে ওঠা ম্যাথ্যু ফ্ল্যামিনি এই খেলায় দলে ফিরছেন।
সর্বশেষ ২০০৩-২০০৪ মৌসুমে লিগ শিরোপা জেতার পর মাঝের আট বছরে গানার্সরা সর্বোচ্চ তৃতীয় স্থানটি দখল করতে পেরেছিল। তবে এবার আর্সেনাল শিরোপার শক্ত দাবিদার।
ইউনাইটেড কোচ ময়েস অবশ্য ওয়েঙ্গারের এই সফলতার মূল কারণ মনে করেন তার দীর্ঘদিনের ধারাবাহিকভাবে কোচিং করানো এবং লিগের বড়ো দলগুলোতে কোচের পরিবর্তন। ময়েস বলেন, ‘আমি মনে করি এটা ধারাবাহিকতা এবং তাদের স্থিতি থাকার ফসল। সেই সুফলটাই তারা ঘরে তুলছে এবার।’
ইউনাইটেডের কোচ ভাল খেলার প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন, ‘তারা এখন শীর্ষ অবস্থানে আছে। তাদের ফর্মও চমত্কার। এখানে দুর্দান্ত মনোভাব নিয়ে আসবে তারা। তবে আমরাও খেলায় উন্নতি করছি এবং ভাল একটি খেলা উপহার দিতে চাই।’
তবে ফার্গুসন না থাকলেও উত্তপ্ত বাক্য ছড়ানোর কাজটা উইনাইটেড স্ট্রাইকার ওয়েন রুনি করেছেন ঠিকই, ‘দেখার বিষয় হলো তারা আমাদের বিপক্ষে তাদের ফর্ম ধরে রাখতে পারবে কিনা। কারণ, গত ছয়-সাত বছরে হারতে হারতে তাদের বিরক্ত হয়ে যাওয়ার কথা।’ এর পরে ওয়েঙ্গার অবশ্য বলেছেন, ‘সাধারণত ক্রিসমাসের পর প্রতি মৌসুমে আমরা খুবই শক্তিশালি হয়ে উঠি।’
