কলকাতা টেস্টের দারুণ পারফরম্যান্সের পর বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানকে টপকে টেস্ট অল রাউন্ডারদের শীর্ষে উঠে এলেন ভারতের রবীচন্দ্র অশ্বিন। মূলত গত শুক্রবার শেষ হওয়া কলকাতা টেস্টের পারফরম্যান্স দিয়েই শীর্ষে উঠে এলেন তিনি।কলকাতা টেস্টে ১২৪ রানের পাশাপাশি পাঁচটি উইকেট নেন অশ্বিন। আর এর ফলেই রেটিং পয়েন্ট ৮১ বেড়ে যায় অশ্বিনের। এখন ৪০৫ রেটিং নিয়ে তাই শীর্ষেই অবস্থান করছেন তিনি। আর তার থেকে ৪৩ রেটিং পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান। পরের অবস্থানগুলোতে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার। এখানেই শেষ নয়, ব্যাটসম্যানদের তালিকায়ও সামনে এগিয়েছেন অশ্বিন। ১৮ স্থান এগিয়ে তার অবস্থান এখন ৪৫ এ। আর টেস্ট বোলারদের র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে আছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। এখানেও দু’ধাপ এগিয়েছেন তিনি।
