সবাই ভালো খেলোয়াড় হলেও সব সময় রেজাল্ট আসে না

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪৬
শতাধিক মোটর সাইকেল আর ছয়টি ঘোড়াগাড়িতে চড়ে শেখ জামালের খেলোয়াড়রা। পেছনে লাউড স্পিকারে বাজছিল মিউজিক। সাথে একজন ডিজে বলছিলেন শেখ জামাল, শেখ জামাল নামটি। পুরো মতিঝিল এলাকায় একটা রব পড়ে গেল। শেখ জামালের এমন উত্সব মুখর পরিবেশে অনেকেরই চোখ ছিল সনি নর্দের দিকে। কারণ তিনি ছিলেন এই দলটির জন্য একটু বিশেষ কিছু। স্বাধীনতা উত্তর ঢাকার ফুটবলে এপর্যন্ত কয়েক হাজার বিদেশি ফুটবলার খেলেছেন। কিন্তু এক মৌসুমের জন্য ৭৩ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক দিয়ে কোনো ফুটবলারকে খেলতে দেখা যায়নি। গত মৌসুমে পেশাদার লিগে শেখ রাসেলের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন হাইতির উইঙ্গার সনি নর্দে। তিনি বিরাট পারিশ্রমিক পেয়ে শেখ রাসেল ছেড়ে শেখ জামালে খেলবেন। ভারতের একটি ক্লাব তাকে লোভনীয় পারিশ্রমিক দিয়ে নিতে চেয়েছিল। কিন্তু সনি রাজি হননি। কেন? সনি বললেন, ভারতের লিগে খেলা আর বাংলাদেশের লিগে খেলাটা একই, সমান কথা। টাকা তো পাচ্ছি।’ শেখ জামাল কেমন দল হয়েছে জানতে চাইলে সনি বলেন, শেখ রাসেলে দুই তিন জন ভালো মানের খেলোয়াড় ছিলেন। আর এখানে সবাই ভালো খেলোয়াড়। এটা একদিকে যেমন ভালো অন্য দিকে এর মন্দ দিকটাও আছে।’ সবাই ভালো খেলোয়াড় হলেও সব সময় রেজাল্ট আসে না।’ সনি নিজেও খেলছেন, সাথে দলটা শক্তিশালী করার জন্য তার পছন্দের একজন ফুটবলরার নিজের দেশ থেকে নিয়ে এসেছেন। আলী আব্দুল্লাহ নামের এই ফুটবলারকে দলে নিয়েছে শেখ জামাল।