কাতার বিশ্বকাপ নভেম্বরে অনুষ্ঠানের ইঙ্গিত দিলেন ব্লাটার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪৬
ব্যাপক আলোচিত-সমালোচিত ২০২২ কাতার বিশ্বকাপ এর সময় জুন-জুলাই থেকে সরিয়ে নভেম্বর ডিসেম্বরে আয়োজনের ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। শুক্রবার তিনি আবুধাবীতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নাইজেরিয়া বনাম মেক্সিকোর মধ্যকার ফাইনালে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এই ইঙ্গিত দিয়েছেন। ব্লাটার নিজেও পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘শীতের সময় বিশ্বকাপের আসর সরিয়ে আনার ব্যাপার আমরা ইতোমধ্যেই আলোচনা শুরু করেছি। তবে জানুয়ারি-ফেব্রুয়ারি নয়, এটা কেবলমাত্র নভেম্বর-ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে।’ ঐতিহ্যগতভাবেই সাধারণত বিশ্বকাপ ফুটবলের আসর চার বছর পরপর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু ঐ সময়টিতে আরব অঞ্চলের প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে দলগুলোর স্বার্থেই বিশ্বকাপের সময় পরিবর্তনের একটি আলোচনা সংশ্লিষ্টদের মধ্যে শুরু হয়েছে। কিন্তু ব্যাপারটি খুব একটা ভাল চোখে দেখছে না শীতকালীন ক্রীড়া ফেডারেশনগুলো। বছরের ঐ সময়টিতে সাধারণত শীতকালীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হয়ে থাকে। তাদের দাবি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই ক্রীড়াযজ্ঞ ঐ সময় অনুষ্ঠিত হলে তা বিশ্বব্যাপী টেলিভিশন দর্শকদের অবশ্যম্ভাবী হিসেবে আকৃষ্ট করবে এবং তার ফলে তাদের রাজস্ব ক্ষতির সম্মুখীন হবে। তবে বছরের শেষে আয়োজিত হলে তাদের কোন আপত্তি নেই।- বাসস।