সেমিতে জোকোভিচকে এড়ালেন নাদাল

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪৭
টমাস বার্ডিচের শেষ চারের স্বপ্ন ভেঙ্গে দিয়ে লন্ডনে বছরের শেষ এটিপি ট্যুরের গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচেও জয় পেলেন রাফায়েল নাদাল। লন্ডনের ওটু অ্যারেনায় আগেই সেমিফাইনাল নিশ্চিত করা এই স্প্যানিয়ার্ড গতকাল ৬-৪, ১-৬, ৬-৩ হারান বার্ডিচকে। এই জয়ের ফলে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা নাদাল সেমিফাইনালে শিরোপাধারী নোভাক জোকোভিচকেও এড়াতে পারলেন। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলেও গ্র্যান্ড স্ল্যামের পর টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে এর আগে কখনোই শিরোপা জিততে না পারা নাদালের জন্য গতকালের ম্যাচটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস ধরে রাখার পাশাপাশি শেষ চারে জোকোভিচকে এড়ানোর জন্যও রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলমান এই টুর্নামেন্টে নিজের শেষ গ্রুপ ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না এই ২৭ বছর বয়সীর। তবে ইনডোরে বরাবরই দারুণ ফল দেখানো বার্ডিচের বিরুদ্ধে নাদালের লড়াইটা যে মোটেই সহজ হবে না সেটা আঁচ করা যাচ্ছিল ম্যাচের আগেই। স্টানিস্লাস ওয়ারিঙ্কাকে টপকে সেমিফাইনালের টিকেট পেতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না আগের ম্যাচেই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটকে উড়িয়ে দেয়া বার্ডিচেরও। ম্যাচের প্রথম থেকেই দারুণ আক্রমণাত্মক নাদাল তীব্র গতির দুই ফোরহ্যান্ডে প্রথম সেটে এগিয়ে যান ২-০ গেমে। র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাটির প্রায় সাথে সাথেই চলতে থাকেন বার্ডিচও। তবে বেস লাইন থেকে মারা শটগুলোয় শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ম্যাচে নিজের কর্তৃত্ব বজায় রাখেন নাদালই। এর পাশাপাশি সমতায় ফেরার সহজ কিছু সুযোগ হাতছাড়া করেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই বার্ডিচও। ফলে দারুণ লড়েও প্রথম সেটে এই চেক ৬-৪ গেমে হার মানতে বাধ্য হন। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে বলতে গেলে নাদালকে উড়িয়েই দেন বার্ডিচ। প্রতিপক্ষকে ম্যাচে ফেরার কোন সুযোগ না দিয়ে মাত্র ২৯ মিনিটে তিনি সেটটি জিতে নেন ৬-১ গেমে। এরপর তৃতীয় সেটেও দারুণ মানসিক সক্ষমতার পরিচয় দিয়ে দু’জনেই এগোতে থাকেন সমান সমানেই। এক পর্যায়ে সেটের ফল দাঁড়ায় ৩-৩। এই অবস্থায় বার্ডিচের সার্ভ থেকে পয়েন্ট তুলে নিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন নাদালই। ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত নাদাল বলেন, ‘আমি আসলে নিজের খেলাটাই খেলতে চাইছিলাম। আর বার্ডিচের মতো একজন খেলোয়াড়ের বিরুদ্ধে জয় পাওয়াটা সব সময়ই বিশেষ কিছু।’ নাদালের এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হলো ওয়াওরিঙ্কারও। আগের ম্যাচে ডেভিড ফেরাকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখা এই সুইস শেষ চারে খেলবেন জোকোভিচের বিরুদ্ধে। আরেকজনের ভাগ্য নির্ধারণে ভূমিকা রেখে কেমন লাগছে; নাদাল দিয়েছেন এ প্রশ্নের উত্তরও, ‘নিজের উত্তরণের জন্যই খেলছি, এমন মানসিক প্রস্তুতি নিয়েই আমি কোর্টে নেমেছিলাম। সুতরাং, ম্যাচটা এভাবে শেষ করতে পারাটা ছিল গুরুত্বপূর্ণ।’ এদিকে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পেরে হতাশ বার্ডিচ বলেন, ‘যখন আপনি রাফাকে দুটি গেম হেলায় তুলে দেবেন, তখন এমন কিছুর জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। এখানে এর বেশি কিছু বলার প্রয়োজন নেই।’