টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৩ বছর পূর্তি

‘আরও উন্নতি সম্ভব ছিল’ আকরাম খান

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২১:৫০
১০ নভেম্বর, ২০০০। ১২৩ বছরের ক্রিকেটে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে টস করতে নামলেন দুই বাঙালি অধিনায়ক; বাংলাদেশের নাইমুর রহমান দুর্জয় ও ভারতের সৌরভ গাঙ্গুলি। তৈরি হয়ে গেল নতুন ইতিহাস। এরপর কেটে গেছে ১৩টি বছর। ৭১টি টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র চারটিতে। আর ড্র হয়েছে ১০টি ম্যাচ। সব মিলিয়ে গতকাল টেস্টে বাংলাদেশের ১৩তম বার্ষিকীতে পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান বলেন, ‘পারফরম্যান্স ভালই হয়েছে। কিন্তু আরও উন্নতি সম্ভব ছিল।’ আকরাম খান ১৯৮৮ সালে বাংলাদেশের অভিষেক ওয়ানডে ম্যাচে দলে ছিলেন। তার নেতৃত্বেই ১৯৯৭ সালের আইসিসি ট্রফির শিরোপা জিতেছিল বাংলাদেশ। ছিলেন অভিষেক টেস্টে দলে। নির্বাচক হয়ে কাজ করেছেন প্রায় দু’বছর। এখন আছেন নির্বাচিত বোর্ড পরিচালক হিসেবে। সেই সময়ের সাথে বর্তমান বাংলাদেশ দলের তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা আগের থেকে অনেক ভাল অবস্থানে আছি। এখন ছেলেরা অনেক ভাল ক্রিকেট খেলছে। আমাদের সময় অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে খেলতে হয়েছে। দুটো সময়ের তাই কোনভাবেই তুলনা হয় না।’ মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে ১৯৯৭ সালের আইসিসি ট্রফির ফাইনালের দিন প্রবাসী বাংলাদেশিদের হাতে বড় একটা ব্যানারে লেখা ছিল- ‘বাংলাদেশ, দ্যা নেক্সট টেস্ট প্লেইং নেশন’। এর মাত্র তিন বছর পরই প্রথমবারের মতো টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই সময়ের কথা মনে করতে গিয়ে আকরাম খান বলেন, ‘সময়টা অন্যরকম ছিল। আইসিসি ট্রফি যখন আমরা খেলতাম তখন দলটাও এখনকার মতো ভাল ছিল না। আর টেস্ট খেলার মতো যথেষ্ট যোগ্য ছিল না। এরপর ৯৭ সালে চ্যাম্পিয়ন হবার পর আস্তে আস্তে আমরা পরিণত ক্রিকেট খেলতে শুরু করি।’ কিন্তু ১৩ বছরে মাত্র চারটা টেস্ট জয়; এমন পারফরম্যান্সকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, যতোটা ভাল হওয়া সম্ভব ছিল ততোটা ভাল হয়নি। কিন্তু খুব বেশি খারাপও আমরা করিনি। বিশেষ করে গত দুই বছর ধরে আমরা টেস্টে নিয়মিত পারফর্ম করছি। নিউজিল্যান্ডেরও কিন্তু প্রথম টেস্ট জয় পেতে ২৬ বছর কেটে গিয়েছিল। সব মিলিয়ে বলতে গেলে আমাদের পারফরম্যান্স ভালই ছিল। কিন্তু আরও উন্নতি সম্ভব ছিল।’ তাহলে কেন সেই উন্নতি আসতে এতো দেরি হচ্ছে, তার কারণ ব্যাখ্যা করে আকরাম খান বলেন, ‘আমরা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। এ বছরও সব মিলিয়ে ছয়টা টেস্ট খেলেছি। আমাদের আরও বেশি টেস্ট খেলা দরকার। তাহলে দলে আরও উন্নতি আসবে।’ টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য পুরনো কথাটাই নতুন করে বললেন আকরাম খান, ‘বয়স ভিত্তিক ও ঘরোয়া ক্রিকেট লিগ এখন আগের থেকে ভাল অবস্থায় আছে। সেটার কাঠামো আরও ভাল করতে হবে।’ টেস্ট ক্রিকেটে ১৩ বছরে প্রাপ্তি উল্লেখ করার মতো না হলেও এই সময়ে সীমিত ওভারের খেলায় নজর কেড়েছে বাংলাদেশ দল। কেননা এর মধ্যে ১৬ বার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। গত বছর এশিয়া কাপের ফাইনালে উঠেও অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়ে যায়। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘গত বছরের এশিয়া কাপটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তিনটা বিশ্বচ্যাম্পিয়ন দলের সাথে লড়াই করে ফাইনালে অল্পের জন্য হারা অনেক বড় এক ব্যাপার। আর এই ক’দিন আগে শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজেও ভাল খেলেছি আমরা।