রোনালদোর গোলবন্যায় রিয়ালের জয়জয়কার

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২১:৫১
ক্রিশ্চিয়ানো রোনালদোর আরো একটি হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ গত শনিবার রাতে স্পানিশ লিগের খেলায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে। লিগে এটি রোনালদোর ১৯তম হ্যাটট্রিক। পর্তুগিজ এই স্ট্রাইকার এ নিয়ে গত চার খেলায় নয় গোল করলেন। সব মিলিয়ে ২০১৩ সালে তার গোল দাঁড়ালো ৬২টি। রোনালদো আগের ম্যাচেই হ্যাটট্রিক করে দিয়াগো কস্তাকে টপকে লা-লিগায় চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছিলেন। এখন লিগে ১৬ গোলের সুবাদে তিনি কস্তাকে তিন গোল পেছনে ফেললেন। লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের আটটি মিলিয়ে এবারের মৌসুমে এ পর্যন্ত ২৪ গোল করেছেন রোনালদো। সব মিলিয়ে ১৬৩ গোল নিয়ে তিনি এখন লা লিগার ইতিহাসে ১৪তম সেরা গোলদাতা। সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ২১৬ ম্যাচে ২২৬টি গোল করেছেন তিনি। রিয়াল এ জয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে আনলো। তবে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চাইতে তারা তিন পয়েন্টে পিছিয়ে ছিল। বার্সেলোনা গত রাতের খেলাটিতে জিতলে ব্যবধান বেড়ে যাবে। রিয়াল সোসিয়েদাদ বিপক্ষের মাঠে ভালোভাবেই খেলা শুরু করলেও করিম বেনজেমার পাসে রোনালদো প্রথম গোলটি করে রিয়ালকে এগিয়ে দেন। এরপর রোনালদোর পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা। ২৬ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন রোনালদো। ৭৬ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন ফিফার সাবেক এই বর্ষসেরা খেলোয়াড়টি। মাঝে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেলের পাসে দলের চতুর্থ গোলটি করেন স্যামি খেদিরা। রোনালদোর এ গোলক্ষুধা পর্তুগালের জন্য আশা জাগানিয়া হয়ে দেখা দিয়েছে। কেননা পর্তুগাল আগামী শুক্রবার ও ১৯ নভেম্বর বিশ্বকাপের বাছাই পর্বের ‘হোম এন্ড অ্যাওয়ে’ ভিত্তিতে প্লে অফে সুইডেনের মুখোমুখি হবে। বিজয়ী দল আগামী বছর ব্রাজিলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। রোনাল্ডোর প্রশংসায় আনচেলত্তি এদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি রোনালদো অসাধারণ প্রতিভাবান হিসেবে আখ্যায়িত করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, তার প্রতিভা এই পৃথিবীর নয়। বরং অন্য কোন জগতের সাথে তুলনা করা চলে। অসাধারণ দক্ষতায় সে একের পর এক গোল করে যাচ্ছে। এ কারণেই তার সম্পর্কে বলতে গিয়ে কোন ভাষা খুঁজে পাওয়া সত্যিই কষ্টকর। গত জুলাইতে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হওয়া এই ইতালিয়ান কোচ নিঃসন্দেহে তার অধীনে সবচেয়ে দুরন্ত রিয়ালকেই কাল মাঠে বসে প্রত্যক্ষ করেছেন। বিশেষ করে প্রথমার্ধে। কোচ তাই বলেন, ‘আমি মনে করি প্রথমার্ধটা দুর্দান্ত ছিল। আমরা দারুণ স্বাচ্ছন্দ্যে খেলেছি, আক্রমণভাগেও শতভাগ সফলতা এসেছে। অনেক সময় লম্বা পাসে খেলেছি, আবার প্রয়োজনে তা ছোট করে এনেছি। কিন্তু দলের সবাই দারুণ ফর্মে ছিল। দ্বিতীয়ার্ধে ছন্দটা কিছুটা ধীর গতির হয়ে যায়। কিন্তু ৪-০ গোলে এগিয়ে থাকার পরে এটা হওয়াটাই স্বাভাবিক। আমাদের এখনো ডিফেন্সে কিছু সমস্যা রয়েছে। কিন্তু সব মিলিয়ে আজকের ম্যাচে ডিফেন্স বেশ ভাল ছিল।’ জাভি আলোনসো ইনজুরি কাটিয়ে দলে ফেরার পরে এটি ছিল চার ম্যাচে রিয়ালের তৃতীয় জয়। স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের অবদানের প্রশংসা করেন আনচেলত্তি।