ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লিজেন্ড ব্রায়ান লারা কলকাতার ইডেন গার্ডেনসে কোনো টেস্ট ম্যাচ খেলতে পারেননি। গত রবিবার দুঃখ প্রকাশ করে তিনি ভবিষ্যতে শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলিসহ বর্ষীয়ানদের নিয়ে একটি ম্যাচ আয়োজনের জন্য ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কর্মকর্তাদের পরামর্শ দেন। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের শেষ দুই দিনের খেলা দেখার জন্য সিএবির বিশেষ আমন্ত্রণে লারা ভারতে এসেছেন; কিন্তু স্বাগতিকদের অসাধারণ নৈপুণ্যে তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচ। ক্যাব কোষাধ্যক্ষ বিস্বরুপ দে বলেন, ‘লারা দুঃখ করে বলেছেন যে, ঐতিহাসিক ইডেন গার্ডেনে তিনি কোন টেস্ট ম্যাচ খেলতে পারেননি। তিনি নিজে এবং টেন্ডুলকার ও গাঙ্গুলিসহ বর্ষীয়ান ক্রিকেটারদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনে আমাদেরকে পরামর্শ দিয়েছেন লারা।’ নিজের ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ইডেন গার্ডেনে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেও কোন টেস্ট ম্যাচ খেলতে পারেননি লারা।
