ড্র করলো অনুর্ধ্ব ১৬ দল

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২১:৫৩
সিরিজের শেষ তিনদিনের ম্যাচে সফররত ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব ১৬ দলের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দল। ম্যাচের তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন জাকির আলী অনিক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিনের শুরুতে ৪১ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। হাতে চার উইকেট নিয়ে বাংলাদেশ আরও ১১২ রান যোগ করে। নয় উইকেটে ইনিংস ঘোষণা করার আগে দলের স্কোর ছিল ৩৬৫ রান। ১০২ রানে অপরাজিত থাকেন জাকির আলী অনিক। কাজী অনিক ইসলাম করেন ২৫ রান। এছাড়া শেষ ব্যাটসম্যান শহিবুল মতিন ২৮ রান করে অপরাজিত থাকেন। সফরকারীদের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন রিতেশ শক্য। এছাড়া তিনটি উইকেট পান সাগর শর্মা। ১৫৩ রানের লিডের বোঝা নিয়ে খেলতে নেমে ৩৫ রানের মধ্যেই চারটি উইকেট হারিয়ে তোপের মুখে পড়ে মধ্য প্রদেশ। সেখান থেকে দলের পরাজয়ের শঙ্কা মুছে দেন আশুতোষ শর্মা। খেলা শেষ হবার আগ পর্যন্ত ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। খেলা শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের পিনাক ঘোষকে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি তুলে দেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৬ দলের ম্যানেজার অনিল জশি।